সিলেটটুডে ডেস্ক

১৫ মার্চ, ২০১৮ ১৩:১২

রাষ্ট্রীয় শোকে বাংলাদেশ

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় নিহতদের স্মরণে বৃহস্পতিবার (১৫ মার্চ) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। এদিন সকাল থেকে সারাদেশে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনে এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

এছাড়া শুক্রবার (১৬ মার্চ) দেশের সব মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি পালন করা হবে।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা ও তদন্ত অনুবিভাগ) মো. নিজাম উদ্দিন বলেন, ঘোষিত শোক দিবস পালনে বিধি অনুযায়ী নিহতদের স্মরণে সচিবালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়েছে।

এর আগে বুধবার (১৪ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত সোমবার ৭১ জন আরোহী নিয়ে ইউএস-বাংলার এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ নেপালের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়।

নেপালের স্থানীয় সময় বেলা ২টা ২০ মিনিটে কাঠমান্ডু বিমানবন্দরে পৌঁছে অবতরণের সময় উড়োজাহাজটিতে আগুন ধরে যায়। এরপর বিমানবন্দরের কাছেই একটি ফুটবল মাঠে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে ২৬ বাংলাদেশিসহ ৫১ জন নিহত হয়েছেন। আহত আটজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আপনার মন্তব্য

আলোচিত