সিলেটটুডে ডেস্ক

১৬ মার্চ, ২০১৮ ১৭:৫৯

বিমান বিধ্বস্তে নিহতের স্বজনদের সিআইডির ল্যাবে যোগাযোগের অনুরোধ

আগামী রোববার ঢাকার সিআইডির ডিএনএ ল্যাবে গিয়ে নেপালে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তে নিহতদের আত্মীয়-স্বজনদের যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবার (১৬ মার্চ) কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ জানানো হয়।

তাছাড়া ইউএস-বাংলা বিমান দুর্ঘটনায় নিহতের মধ্যে শনাক্ত করা বাংলাদেশীদের মরদেহ মঙ্গলবারের মধ্যে দেশে আনার প্রক্রিয়া চলছে বলেও সংবাদ সম্মেলনে বলা হয়।

সংবাদ সম্মেলনে নেপালে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস ছাড়াও আরো উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহযোগী অধ্যাপক সোহেল আহমেদ, সিআইডির ডিএনএ ল্যাবের কর্মকর্তা এএসপি আব্দুস সালাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আজকের (শুক্রবার) মধ্যেই নিহতের ময়নাতদন্ত শেষ হবে। কাল থেকে শনাক্তকরণের কাজ শুরু হবে। যেসব মৃতদেহ খালি চোখে দেখে শনাক্ত করা সম্ভব হবে সেগুলো আগামী মঙ্গলবারের মধ্যে একযোগে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশে পাঠানো হবে।

মাশফি বিনতে শামস বলেন, নিহতদের আত্মীয়-স্বজনেরা চান, সবার মৃতদেহ একসঙ্গে পাঠানো হোক। সে জন্য সবার লাশ একসঙ্গে পাঠানোর চেষ্টা হচ্ছে।

সংবাদ সম্মেলনে সোহেল আহমেদ বলেন, যেসব মৃতদেহ দেখে শনাক্ত করা সম্ভব হবে না সেগুলোর ডিএনএ প্রোফাইলিং করা হবে। প্রোফাইলিংয়ের জন্য এসব মৃতদেহের দাঁত, চুল, নখ বা পোশাকের নমুনা সংগ্রহ করা হয়েছে ।

উল্লেখ্য, সোমবার (১২ মার্চ) কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয় ইউএস-বাংলা'র বিএস-২১১ ফ্লাইটটি। দুর্ঘটনায় ৫১ জন মৃত্যুবরণ করেন। এর মধ্যে ২৬ জন বাংলাদেশি নাগরিক ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত