১৮ মার্চ, ২০১৮ ২০:৩৪
নেপালের রাজধানী কাঠমান্ডুতে উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম এখন ভালো আছেন। তাকে রাজধানীর আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। অফসানা খানমের বাবা ড. এম এ কাশেম শেখ এ কথা জানান।
রোববার (১৮ মার্চ) বিকেলে সাংবাদিকদের তিনি বলেন, চিকিৎসকরা বলেছেন, অপারেশন সাকসেসফুল হয়েছে। আমি তাকে দেখে এসেছি। সে ভালো আছে।
এর আগে রোববার সকালের দিকে রাজধানীর উত্তরার বাসায় ব্রেন স্ট্রোক করেন আফসানা খানম। পরে পরিবারের সদস্যরা তাকে ঢাকার আগারগাঁওয়ে নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার মাথায় একটি অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।
বিকেলে হাসপাতালের ইনফরমেশন ডেস্কের কর্মকর্তা শিউলি আক্তার নীলা জানিয়েছিলেন, আফসানা খানম হাসপাতালের যুগ্ম পরিচালক অধ্যাপক ড. বদরুল আলমের অধীনে আফসানা খানমের চিকিৎসা চলছে। হাসপাতালে ভর্তি করার পর মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে তার অপারেশন সম্পন্ন হয়েছে। এখন তিনি হাসপাতালের চতুর্থ তলায় আইসিইউতে ১২ নম্বর বেডে রয়েছেন।
১২ ঘণ্টা না যাওয়া পর্যন্ত তার শারীরিক অবস্থা সম্পর্কে কিছু বলা যাচ্ছে না বলে জানান তিনি।
প্রসঙ্গত, গত ১২ মার্চ ঢাকা থেকে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস-২১১ নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় পতিত হয়। ৬৭ যাত্রী ও চার ক্রুসহ দুপুর ২ টা ২০ মিনিটে বিমানটি বিমানবন্দরের পাশের একটি ফুটবল মাঠে বিধ্বস্ত হয়। এতে ৫১ যাত্রীর প্রাণহানি ঘটে। তাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইউএস-বাংলা কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে পাইলট আবিদও রয়েছেন।
এ দুর্ঘটনায় ১০ বাংলাদেশি আহত হন। আহতদের মধ্যে ছয়জনকে নেপাল থেকে এনে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
বিমানটিতে ৬৭ যাত্রীর মধ্যে বাংলাদেশি ৩২ জন, নেপালি ৩৩ জন, একজন মালদ্বীপের ও একজন চীনের নাগরিক ছিলেন। তাদের মধ্যে পুরুষ যাত্রীর সংখ্যা ছিল ৩৭, নারী ২৮ ও দু’জন শিশু ছিল।
আপনার মন্তব্য