২৭ সেপ্টেম্বর, ২০১৮ ১৬:১৪
জাতীয় ঐক্যের নেতারা মৌসুমি পাখির মতো ক্ষণে ক্ষণে উদিত হয় মন্তব্য করে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, রাজনৈতিক অঙ্গনে ড. কামাল হোসেন ও মির্জা ফখরুলের ঐক্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তারা জগাখিচুরির ঐক্য করেছেন।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরে নিজ বাসভবনে মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতির নবগঠিত কমিটির সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এটা একটি খারাপ লক্ষণ। কারণ আগামীতে জাতীয় নির্বাচন, এই সময়ে তারা যে কাজটি করতে চাচ্ছেন, তাতে নির্বাচনী বৈতরণী পার হতে পারবে না।
নৌমন্ত্রী বলেন, জাতীয় ঐক্যের ভবিষ্যৎ অন্ধকার। ঐক্যের একটি আদর্শিক ভিত্তি থাকতে হয়। কিন্তু জাতীয় ঐক্যের নেতাদের কোন আদর্শিক ভিত্তি নেই। এই ঐক্য হলো জগাখিচুড়ি ধরনের ঐক্য। এই ঐক্যের ভবিষ্যৎ অন্ধকার। কতো দিন এই ঐক্য থাকবে, সেই প্রশ্ন সবার মনে। এক সময় তাদের নিজেদের মধ্যে সুসম্পর্ক টিকবে না। তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না।
জাতীয় ঐক্যের নামে বিএনপি খালেদা জিয়ার মুক্তির ইস্যু খুঁজছে বলে মন্তব্য করেন মন্ত্রী।
এসময় মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির নবগঠিত সমিতির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, পুলিশ সুপার সুব্রত কুমার হালদার, মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দ, সাধারণ সম্পাদক এম আর মুর্তজাসহ সংগঠনের নেতৃবৃন্দ। পরে মন্ত্রী মাদারীপুর জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন।
আপনার মন্তব্য