৩০ সেপ্টেম্বর, ২০১৮ ১৭:৪৬
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চাকরি সরকারীকরণের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে বার্ন ইউনিটের অনিয়মিত ৬৮টি জন কর্মচারী।
রোববার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই প্রতীকী অনশন পালন করেন তাঁরা।
অনিয়মিত কর্মচারীদের পক্ষে একাত্বতা প্রকাশ করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির নেতারা এবং নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক। এ সময় হাসপাতালে বিভিন্ন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
কর্মচারীদের পক্ষে অনিয়মিত কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জীবন মিয়া তার বক্তব্যে বলেন, ‘বার্ন ইউনিটের ৬৮ জন অনিয়মিত কর্মচারীদের স্থায়ীভাবে নিয়োগ দিতে হবে। বার্ন ইউনিটে দীর্ঘ ১৫ বৎসর কাজ করার কারণে সরকারি চাকরির জন্য বয়স ও যোগ্যতা শিথিল করে স্থায়ীভাবে ৬৮ জনকে নিয়োগ প্রদান করতে হবে।’
হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি মো.আবু সাঈদ অনিয়মিত কর্মচারীদের সঙ্গে একাত্বতা ঘোষণা করে বলেন, ‘১৫ বছর ধরে তারা বিনা বেতনে কাজ করছে। তাদেরও পরিবার আছে। তাদের দীর্ঘদিনের আশা চাকরি স্থায়ী হবে। এই আশায় তারা বার্ন ইউনিট কামড়ে ধরে আছে। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলব, তারা যেন এই ৬৮ জন কর্মচারীর স্থায়ীকরণের ব্যবস্থা নেয়।’
দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন, বার্ন ইউনিটের প্রধান অধ্যাপক সাজ্জাদ খন্দকার, বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন, ও অধ্যাপক ডা. আবুল কালাম কর্মচারীদের কাছে আসেন।
এ সময় সামন্ত লাল সেন জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ে কথা বলতে তিনি আজ দুপুরেই যাবেন।
কর্মচারী জীবন মিয়া জানান, কর্তৃপক্ষ বুধবার পর্যন্ত সময় দিয়েছে। এ সময়ের মধ্যে তারা ব্যবস্থা নেবে। এই আশ্বাসে তাঁরা আজকের মতো অনশন শেষ করেন।
এ সময় চতুর্থ শ্রেণি কর্মচারী সমিতির সভাপতি আবু সাঈদ কর্মচারীদের জুস খাইয়ে অনশন ভঙ্গ করান। জীবন মিয়া জানান, বুধবার পর্যন্ত যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় পরবর্তী সময়ে আবার বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।
আপনার মন্তব্য