০৪ অক্টোবর, ২০১৮ ১৮:৫৩
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মীর মসিউর রহমানসহ পাঁচ কর্মকর্তার বিদেশযাত্রার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দুদক।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) এই নিষেধাজ্ঞা জারি করা হয়।
তিতাসের বাকি যে চার কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাঁরা হলেন ডিজিএম এস এম আবদুল ওয়াদুদ, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস শাখার ব্যবস্থাপক শাহজাদা ফরাজী, সহকারী কর্মকর্তা আবু ছিদ্দিক তায়ানী এবং তিতাসের নারায়ণগঞ্জ শাখার মহাব্যবস্থাপক শফিকুর রহমান।
দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) বরাবর চিঠি পাঠিয়ে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০ সেপ্টেম্বর তিতাসের আট কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে চিঠি দেন দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী। তিতাসের এমডি মীর মসিউর রহমান ও ব্যবস্থাপক ছাব্বের আহমেদ চৌধুরীকে ১ অক্টোবর দুদকে হাজির থাকতে বলা হয়। ২ অক্টোবর হাজির থাকতে বলা হয় টিঅ্যান্ডটি শাখার (গাজীপুর) ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকুর রহমান, ব্যবস্থাপক মো. আখেরুজ্জামান, ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস শাখার ব্যবস্থাপক শাহজাদা ফরাজী ও সহকারী কর্মকর্তা আবু ছিদ্দিক তায়ানীকে।
আট কর্মকর্তার বিরুদ্ধে মিটার টেম্পারিং ও মিটার বাইপাস করে গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
দুদক সূত্র জানায়, এই অভিযোগ আমলে নিয়ে দুদক ২০১৭ সালের ৬ এপ্রিল থেকে একটি অনুসন্ধান শুরু করে। সেই অনুসন্ধানের অংশ হিসেবে তিতাসের এসব কর্মকর্তাকে তলব করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে গ্যাসের অবৈধ সংযোগ, সীমার অতিরিক্ত গ্যাস ব্যবহারের সুযোগ দিয়ে দিয়ে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আরেকটি অনুসন্ধান করছে দুদক। ২০১৭ সালের অক্টোবরে এই অনুসন্ধান শুরু হয়।
আপনার মন্তব্য