সিলেটটুডে ডেস্ক

০৪ অক্টোবর, ২০১৮ ১৯:০৮

ঢাবি উপাচার্যের বাসভবনে ভাঙচুরের মামলার তদন্ত প্রতিবেদন ৪ নভেম্বর

সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. মো. আখতারুজ্জামানের বাসভবনে ভাঙচুর, পুলিশকে মারধর ও ওয়াকিটকি ছিনতাইয়ের ঘটনায় করা চার মামলার তদন্ত প্রতিবেদন আগামী ৪ নভেম্বর দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ দিন ধার্য করেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ায় বিচারক নতুন দিন ধার্য করেন।

নথি থেকে জানা যায়, গত ৮ এপ্রিল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কার আন্দোলনের সময় পুলিশকে মারধর, কর্তব্যকাজে বাধা, পুলিশের ওয়াকিটকি ছিনতাই ও উপাচার্যের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

এ ঘটনায় শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। এসব মামলার মধ্যে ভিসির বাড়ি ভাঙচুর ও পুলিশের কর্তব্যকাজে বাধার ঘটনায় দায়ের করা দুই মামলায় চারজনকে আটক করা হয়েছে। তাঁদের রিমান্ডে শেষে এখন কারাগারে আটক রাখা হয়েছে।

আসামিরা হলেন রাকিবুল হাসান, আলী হোসেন শেখ, মাসুদ আলম ও আবু সাঈদ ফজলে রাব্বি।

আপনার মন্তব্য

আলোচিত