১৬ অক্টোবর, ২০১৮ ১৩:০৯
নরসিংদীর সদর উপজেলার মাধবদী ও শেখেরচরে জঙ্গি আস্তানা সন্দেহে দুটি বাড়ি ঘিরে রেখে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে এই অভিযান শুরু হয়।
এর আগে আজ সকালে নরসিংদীর দুটি আস্তানা পরিদর্শন করেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম। মঙ্গলবার সকাল থেকে ওই দুটি এলাকার ৫০০ গজের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন জেলার নির্বাহী হাকিম মোহাম্মদ শাহ আলম।
গতকাল সোমবার রাত ১০টা থেকে মাধবদী পৌরসভার ছোট গদাইয়ের চর গাঙপাড়ের হাজি মো. আফজাল হোসেনের সাততলা ‘নিলুফা ভিলা’ এবং তার দুই কিলোমিটার দক্ষিণে শেখেরচরের ভগীরতপুরের কাপড় ব্যবসায়ী বিল্লাল মিয়ার পাঁচতলা বাড়ি দুটি ঘিরে রাখে পুলিশ, সোয়াত ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।
সিটিটিসির প্রধান মনিরুল ইসলাম আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, ‘জঙ্গিরা বাড়িটিতে অবস্থান করছে। তো এই পর্যায়ে আমরা তথ্য সংগ্রহ ও রেকি করে… ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নিয়ে অভিযানের প্রস্তুতি নিয়েছি। খুব তাড়াতাড়ি সোয়াত অভিযান শুরু করবে। এখনি অভিযান শুরু করবে।’
‘অভিযানের শুরুতে তাদের সঙ্গে নেগোসিয়েট করে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করব। তারপর যদি আত্মসমর্পণ না করে তাহলে পরবর্তী সময়ে অবস্থা অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা যেটা সেটা নিশ্চিত করার ব্যবস্থা করব।’
পুলিশের এই কর্মকর্তা আরো বলেন, ‘অভিযান পরিচালনার ক্ষেত্রে আমরা গুরুত্ব দেব আশপাশে যেসব বসবাসকারী আছেন, সম্মানিত অধিবাসীরা আছেন, তাদের যাতে কোনো ধরনের ক্ষতি না হয়। সেই বিষয়টি মাথায় রাখা হচ্ছে। পাশাপাশি আমাদের অভিযানের দল সোয়াত, তাদের নিরাপত্তাটা নিশ্চিত করেই আমরা অভিযান পরিচালনা করব।’
জেলার অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান (শিবপুর সার্কেল) জানান, মাধবদীর সাততলা নিলুফা ভিলার একতলা থেকে তিনতলা পর্যন্ত ‘মিফতাহুল জান্নাহ মহিলা মাদ্রাসা’। ওই ভবনের একটি বাসায় সাতজন জঙ্গি রয়েছে। পুলিশ এটা গোপন সূত্রে জানতে পারে। তারপরই বাড়িটি ঘিরে রাখা হয়।
আজ সকালে মাধবদীতে বম্ব স্কোয়াডের সদস্যদের প্রবেশ করতে দেখেছেন সাংবাদিকরা। অভিযানের ব্যাপারে তথ্যের জন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শিবপুর সার্কেল) খায়রুল হাসান।
আপনার মন্তব্য