সিলেটটুডে ডেস্ক

২০ অক্টোবর, ২০১৮ ০০:৩৮

বিকল্পধারার নামে বিকল্প দল গঠন হাস্যকর: মাহী

বিকল্পধারার যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাহী বি. চৌধুরী বলেছেন— যারা বিকল্পধারার প্রেসিডেন্ট ও মহাসচিবকে বহিস্কার করেছেন তারা বহিস্কৃত হয়েছেন এক মাস আগেই। এরা বিকল্পধারার কেউ নন। সুতরাং বিকল্পধারার নামে দল গঠন ঘৃণিত ও হাস্যকর।

তিনি বলেন, এর পিছনে একটি বড়ো রাজনৈতিক দলের ষড়যন্ত্র থাকতে পারে। কারণ বিকল্পধারার বহিস্কৃত নেতা শাহ আহাম্মেদ বাদল বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর একজন কর্মচারি। সেখান থেকে হয়ে থাকলে এটা খুবই দুঃখজনক।

মাহী বি. চৌধুরী শুক্রবার সন্ধ্যায় বি. চৌধুরীর বারিধারাস্থ বাসভবন মায়া-বি-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি খবরের গুরুত্ব অনুসারে সত্যতা নিশ্চিত হয়ে সঠিক সংবাদ প্রকাশের জন্য গণমাধমের প্রতি অনুরোধ জানান।

মাহী বলেন, আমরা বিএনপিকে আগেই বলেছি স্বাধীনতাবিরোধীদের ছাড়লে এবং ভারসাম্যের রাজনীতি মেনে নিলে তাদের সাথে ঐক্য করতে আমাদের কোনো আপত্তি নেই। এখনো বিএনপির ৭০/৮০ ভাগ মানুষ স্বাধীনতা বিরোধীদের সাথে ঐক্যের বিরোধী।

তিনি বলেন, আমরা জাতীয়তাবাদী শক্তির বৃহৎ ঐক্য চাই। এই লক্ষ্যে ইতিমধ্যে বাংলাদেশ ন্যাপ এবং এনডিপি যুক্তফ্রন্টে কাজ করতে সম্মত হয়েছে। আরো অনেক দল এবং বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি আমাদের সাথে যোগাযোগ করছেন।

মাহী বলেন, ২০০১ সালে বিএনপি স্বাধীনতাবিরোধীদের সাথে জোট করেছে, সে সময় থেকে বিএনপিতে ভাঙনের সূত্রপাত।

প্রসঙ্গত তিনি বলেন, বি চৌধুরী ৭ মাস প্রেসিডেন্ট থাকার পর পদত্যাগ করেন। ২০০৪ সাথে সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করেন মেজর মান্নান ও মাহী বি . চৌধুরী। তারপর কর্নেল অলির নেতৃত্বে মন্ত্রী এমপিসহ আরো পদত্যাগ করেন ৩০/৩৫ জন। এরপর বিএনপির মহাসচিব মান্নান ভূইয়ার নেতৃত্বে সব ভাঙনই হয় স্বাধীনতাবিরোধীদের জোটে নেয়ার কারণে।

প্রেস ব্রিফিং-এ উপস্থিত ছিলেন বিকল্পধারার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউসুফ ও মাহবুব আলী, যুগ্ম মহাসচিব আবদুর রউফ মান্নান, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান ঝান্টু, শ্রমজীবী ধারার সভাপতি আইনুল হক, সহ-সভাপতি মহাসিন চৌধুরী, প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার মেসবাহ উদ্দিন জুন্নু, ধর্ম্ বিষয়ক সম্পাদক মাওলানা কবির হোসেন, ঢাকা মহানগর বিকল্পধারার প্রচার সম্পাদক নূর মোহাম্মদ   প্রমুখ। 

আপনার মন্তব্য

আলোচিত