সিলেটটুডে ডেস্ক

০৩ জানুয়ারি, ২০১৯ ১৬:২২

এরশাদকে ছাড়াই জাতীয় পার্টির শপথ

দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে ছাড়াই সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টির নির্বাচিতরা।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুপুরে দশম সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি থেকে এবার নির্বাচিতরা সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে শপথ নেন।

আগের সংসদের বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদেরসহ জাতীয় পার্টির ২১ জন একসঙ্গে এ সময় শপথ নেন।

গতবারের মত এবারও নির্বাচনের আগে নানা নাটকীয়তার জন্ম দেন সাবেক সামরিক শাসক এরশাদ। গতবারের মত এবারও তিনি শপথ নেবেন আলাদাভাবে।  

সংসদের গণসংযোগ শাখার পরিচালক তারিক মাহমুদ জানান, বিকালে স্পিকারের অফিসে আলাদাভাবে শপথ নেবেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

এরশাদের স্ত্রী রওশন এরশাদকে গত কিছুদিন ধরে দলীয় কার্যক্রমে দেখা যাচ্ছিল না। ময়মনসিংহে নিজের নির্বাচনী এলাকাতেও তিনি সক্রিয় ছিলেন না। এরই মধ্যে এরশাদ চেয়ারম্যান পদে তার ভাই কাদেরকে মনোনীত করে একটি বিবৃতি দেন গণমাধ্যমে। ফলে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নানা গুঞ্জন।

বৃহস্পতিবার শপথ অনুষ্ঠানে রওশনের ডান পাশে ছিলেন কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। বাম দিকে ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, সৈয়দ আবু হোসেন বাবলা ও কাজী ফিরোজ রশীদ।

এছাড়া রানা সোহাম্মদ সো‌হেল, আহসান আদেলুর রহমান, প‌নির উদ্দিন আহ‌মেদ, ব্যা‌রিস্টার শামীম হায়দার পা‌টোয়ারী, শ‌রিফুল ইসলাম জিন্নাহ, নাস‌রিন জাহান রত্না, রুস্তম আলী ফরাজী, ফকরুল ইমাম, মু‌জিবুল হক চুন্নু, লিয়াকত হো‌সেন খোকা, সে‌লিম ওসমান, পীর ফজলুর রহমান মেজবাহ, মাসউদ উদ্দিন চৌধুরী, নুরুল ইসলাস তালুকদার, গোলাম কিবরিয়া টিপু এদিন শপথ নেন স্পিকারের কাছ থেকে।  

শপথের পর দুপুরে সংসদ ভবনে বৈঠকে বসে জাতীয় পার্টির সংসদীয় দল। কে তাদের সংসদীয় দলের নেতা হবে, জাতীয় পার্টি বিরোধী দলে যাবে না সরকারে যোগ দেবে- এসব বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে ওই বৈঠকে।

আপনার মন্তব্য

আলোচিত