সিলেটটুডে ডেস্ক

০৫ জানুয়ারি, ২০১৯ ২৩:১৯

সৈয়দ আশরাফের মরদেহ সিএমএইচের হিমঘরে, দাফন রোববার

রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবনে সর্বসাধারণের শ্রদ্ধা শেষে জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে নেওয়া হয়েছে।

শনিবার (৫ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ২১ নং বেইলি রোডের বাসভবন থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্স রওনা হয় সিএমএইচের দিকে।

রোববার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহে জানাজা শেষে বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদায় রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে জাতির সূর্যসন্তান এই বীর মুক্তিযোদ্ধাকে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলের সিনিয়র নেতৃবৃন্দ বিমানবন্দরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সৈয়দ আশরাফের মরদেহ গ্রহণ করেন।

বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টার দিকে সৈয়দ আশরাফের মরদেহ লাশবাহী অ্যাম্বুলেন্সে করে রাজধানীর ২১, বেইলি রোডে তার সরকারি বাসভবনে নেওয়া হয়। সেখানে শেষবারের মতো প্রিয় নেতাকে দেখতে ভিড় জমান আত্মীয়-স্বজন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী, আওয়ামী লীগের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ।

পরে আওয়ামী লীগের পক্ষ থেকে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় মরহুমের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম ও ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন সিরাজ ও এনামুল হক শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

পরে বেইলী রোডের বাসভবনে থেকে সৈয়দ আশরাফের মরদেহ নেওয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। রাতে এই হাসপাতালের হিমাগারেই রাখা হবে তার মরদেহ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আশরাফ মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি এক মেয়ে এবং বহু রাজনৈতিক সহকর্মী, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী এবং নেতাকর্মী রেখে গেছেন।

আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। নামাজে জানাজায় সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এদিন হেলিকপ্টার যোগে মরদেহ কিশোরগঞ্জে নিয়ে যাওয়া হবে। সেখানে দুপুর ১২টায় কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের তৃতীয় নামাজে জানাজা দুপুর ২টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহে অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টার যোগে মরদেহ কিশোরগঞ্জ থেকে পুনরায় ঢাকায় ফিরিয়ে এনে বনানী কবরস্থানে বাদ আছর সৈয়দ আশরাফকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত