০৬ জানুয়ারি, ২০১৯ ১১:৪১
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, দলের সভাপতিমণ্ডলির সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৬ জানুয়ারি) সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার পর সৈয়দ আশরাফের প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।
সেখানে আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতাকে গার্ড অব অনার প্রদানের পর প্রথমে রাষ্ট্রপতি ও পরে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান। এরপর দলের নেতাকর্মীদের নিয়ে সৈয়দ আশরাফের মরদেহে তিনি শ্রদ্ধা জানান। পরে শ্রদ্ধা জানান তার রাজনৈতিক সহযোদ্ধা, সহকর্মী এবং ভক্ত-অনুরাগীরা।
এর আগে রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের প্রথম জানাজায় অংশ নেন। এতে উপস্থিত আরো ছিলেন মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিরা।
রোববার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সংসদ ভবন চত্বরে তার প্রথম জানাজা সম্পন্ন হয় সৈয়দ আশরাফের।
জানাজা শেষে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘গার্ড অব অনার’ দেওয়া হয় মুক্তিযুদ্ধের বীরসেনানী সৈয়দ আশরাফকে। এর পরপরই তার মরদেহে শ্রদ্ধাঞ্জলি দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তারপর মরহুমের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধী দলের শীর্ষ নেতারা, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ প্রমুখ।
সর্বস্তরের জনতার জন্য শ্রদ্ধা নিবেদন পর্ব উন্মুক্ত করে দেওয়ার আগে মরহুম আশরাফের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
এর আগে সকাল সাড়ে ৯টায় আশরাফের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নেওয়া হয়।
সংসদ ভবন প্লাজায় জানাজা শেষে তার মরদেহ হেলিকপ্টারে করে নেওয়া হবে নিজ জেলা কিশোরগঞ্জে। বেলা ১২টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সম্পন্ন হবে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা। তার তৃতীয় জানাজা হবে দুপুর ২টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাহ মাঠে। সেখান থেকে ফের ঢাকায় এনে বাদ আসর বনানী কবরস্থানে দাফন করা হবে সৈয়দ আশরাফকে।
আপনার মন্তব্য