০৬ ফেব্রুয়ারি , ২০১৯ ১১:৫০
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক আইজিপি এ এস এম শাহজাহান আর নেই।
মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তার মেয়ে ডা. উজমা সাইদ জানান, তার বাবা পারকিনসনস ডিজিজে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। বাবার শরীরে সংক্রমণও ছড়িয়ে পড়েছিল। অসুস্থতার কারণে গত ২৬ জানুয়ারি বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত রাতে উনি চলে গেলেন।
পরিবারের সদস্যরা জানান, আগামী শুক্রবার জানাজা শেষে শাহজাহানকে বনানী করবস্থানে দাফন করা হবে।
প্রসঙ্গত, নোয়াখালীর বেগমগঞ্জে জন্ম নেওয়া এ এস এম শাহজাহান ১৯৭৬ সালে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনারের দায়িত্ব পান। পরে তিনি সিআইডি প্রধান এবং ডিএমপি কমিশনারের দায়িত্বও পালন করেন।
বিএনপি সরকারের সময়ে ১৯৯২ সালে এ এস এম শাহজাহানকে পুলিশ বাহিনীর নেতৃত্বে আনেন তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ১৯৯৬ সাল পর্যন্ত ওই দায়িত্বে থাকার পর তিনি সরকারের সচিবের দায়িত্ব পান। এই পুলিশ কর্মকর্তা অবসরে যান ১৯৯৯ সালে।
২০০১ সালের নির্বাচন যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল, তাতে শিক্ষা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টার পালন করেন এ এস এম শাহজাহান।
আপনার মন্তব্য