সিলেটটুডে ডেস্ক

০৭ ফেব্রুয়ারি , ২০১৯ ১৩:১৪

ওবায়দুল কাদেরকে বিএনপিতে যোগ দেয়ার আহ্বান রিজভীর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে বিএনপিতে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতিনিয়ত বিএনপিকে উপদেশ দিচ্ছেন। সভা-সমিতি, মঞ্চ, গণমাধ্যম ও ব্রিফিংয়ে বিএনপির কী করা উচিত, বিএনপির পরিণতি কী হবে, বিএনপি নির্বাচনভীতিতে ভুগছে, বিএনপি সংসদে যোগ দেবে ইত্যাদি। তিনি এখন স্বেচ্ছায় বিএনপির উপদেষ্টা হতে চলেছেন। খামাখা আওয়ামী লীগে থেকে তাঁর লাভ কী? বরং ওবায়দুল কাদেরকে বিএনপিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি, বিএনপির দরজা তার জন্য খোলা আছে।’

এই মুহূর্তে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে রিজভী বলেন, একজন তিনবারের সাবেক প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলায় সাজা দিয়ে এক বছর কারাগারে রাখার নজির পৃথিবীর কোথাও নেই। বিএনপি চেয়ারপারসনসহ সারাদেশে বন্দি নেতা-কর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় ঢাকায় রমনা ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে বিএনপির উদ্যোগে প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। এছাড়া ৯ ফেব্রুয়ারি দেশব্যাপী একই দাবিতে ঢাকা মহানগরী বাদে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বিএনপি।

রিজভী বলেন, খালেদা জিয়ার মুক্তি আইন ও বিচারের ওপর নির্ভরশীল নয়, এটি নির্ভরশীল শেখ হাসিনার মর্জির ওপর। আইন-আদালতকে প্রভাবিত করেই তাকে বন্দি করে রাখা হয়েছে। খালেদা জিয়াকে প্রতিহিংসা পূরণের সাজা দেওয়ার এক বছর পূর্ণ হলো। চরম অবিচার আর অন্যায়ের আঘাতে খালেদা জিয়াকে কারাবন্দী করা হয়েছে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাহিদা রফিক, নজমুল হক নান্নু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক মুনীর হোসেন, জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত