১০ ফেব্রুয়ারি , ২০১৯ ১২:৫৪
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কবি আল মাহমুদ।
শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে।
আল মাহমুদের পারিবারিক বন্ধু কবি আবিদ আজম শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে জানান, আল মাহমুদ নিউমোনিয়াসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন। হাসপাতালে ভর্তির পর কবিকে প্রথমে সিসিইউতে ও পরে আইসিইউতে নেওয়া হয়। সেখানে তিনি অধ্যাপক ডা. মো. আবদুল হাইয়ের তত্ত্বাবধানে আছেন।
আল মাহমুদের বয়স ৮২ বছর। তিনি বয়সজনিত নানা ধরনের জটিলতায় ভুগছেন। ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। একাধারে একজন কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক তিনি।
বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে সক্রিয় থেকে যিনি আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাক্ভঙ্গিতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন, তিনি কবি আল মাহমুদ। আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবিও তিনি।
আপনার মন্তব্য