সিলেটটুডে ডেস্ক

১৩ ফেব্রুয়ারি , ২০১৯ ১৩:১৮

প্রধানমন্ত্রীর বক্তব্যে চমকে উঠেছেন রিজভী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবসরে যাওয়া নিয়ে পত্রিকায় প্রকাশিত একটি খবর দেখে চমকে উঠেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ এমন কথা জানিয়ে বলেন , "পত্রপত্রিকায় আজ একটি খবর দেখে চমকে উঠলাম- প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বলেছেন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন রাজনীতি থেকে অবসর গ্রহণ করে বাকি জীবনটা কাটাবেন তার পূর্বপুরুষের টুঙ্গিপাড়া গ্রামে।

তিনি বলেন, "আমি প্রধানমন্ত্রীকে বলব খুব ভালো খবর। জনগণ সেই মাহেন্দ্রক্ষণ গণনা শুরু করেছে। কবে আসবে সেই সুখবর যে, আপনি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন। আমরা সেই তারিখটা জানতে চাই। কারণ, এর আগে ১৯৯৬-২০০১ এ প্রধানমন্ত্রী থাকাকালে আপনি ঘোষণা করেছিলেন ৫৭ বছর বয়সে আপনি রাজনীতি থেকে অবসর নেবেন। গত বছরের ২৭ সেপ্টেম্বর আপনি ৭২তম জন্মবার্ষিকী উদযাপন করেছেন। আর এক মাস পরে আপনার ৭৩তম জন্মবার্ষিকী পালিত হবে।"

রিজভী বলেন, "দেশের জনগণ আজ পর্যন্ত শেখ হাসিনার কোনো কথার সত্যতা খুঁজে পায়নি। মানুষ এখন মনে করে তিনি যেটা বলেন, করেন সেটির উল্টোটা। আমরা দেখেছি তিনি বিভিন্ন অনুষ্ঠানে রসিকতা করেন, কখনো কাঁদেন, কখনো হাসেন, কখনো গান করেন। হরেক রকমের কথা বলেন। তিনি মদিনা সনদে দেশ পরিচালনার অঙ্গীকার করেন। মানুষের বিশ্বাসের জায়গাটা পুরোপুরি নষ্ট করে দিয়েছেন তিনি।"

বিএনপির সিনিয়র এ নেতা বলেন, "আমরা বিনীতভাবে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো- আপনি অবসর নেওয়ার সিদ্ধান্ত দ্রুত কার্যকর করুন। খুব তাড়াতাড়ি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। দেশের ‘জনপ্রিয় নেত্রী’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে এ মুহূর্তে মুক্তি দিন। দেশের সাধারণ জনগণ ও গণতন্ত্রকে মুক্তি দিন। মানুষের ক্ষোভ ও ধিক্কার থেকে নিজেকে হেফাজত করুন। জনগণের ঘাড়ে আর অশরীরী জীবনের মতো জবরদস্তি করে চেপে বসে থাকবেন না। অনেক হয়েছে। এবার রেহাই দিন।"

বর্তমান সরকার রোজ কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকতে চায় উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, "২৯ ডিসেম্বর নিশীথ রাতে ভোট ডাকাতি করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী জোট ক্ষমতা দখলের পর তাদের মধ্যে কোনো অনুশোচনা বা আত্মগ্লানি দেখা যাচ্ছে না। বরং তারা বেপরোয়াভাব সব সীমা লঙ্ঘন করেছে। তারা একের পর এক নির্লজ্জ বেহায়ার মতো লাগামহীন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। মনে হচ্ছে রোজ কেয়ামত পর্যন্ত মিড নাইট সরকার ক্ষমতায় থাকতে চায়।"

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপি নেতা আব্দুস সালাম, আবুল খায়ের ভুঁইয়া, আব্দুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত