সিলেটটুডে ডেস্ক

২০ ফেব্রুয়ারি , ২০১৯ ১৫:২৮

খালেদার ‘ঘুম না ভাঙায়’ পেছালো নাইকো মামলার শুনানি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতি মামলার চার্জ শুনানি পিছিয়েছে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) নাইকো দুর্নীতি মামলার চার্জ শুনানির জন্য দিন নির্ধারিত ছিল। এদিন খালেদা জিয়াকে উপস্থিত করার কথাও ছিল। তবে শেষ পর্যন্ত খালেদা জিয়া আদালতে উপস্থিত হননি।

কারা কর্তৃপক্ষ বলছে, খালেদা জিয়া ঘুমিয়ে থাকায় আদালতে হাজির করা সম্ভব হয়নি। আর খালেদা জিয়ার আইনজীবী বলছেন, অসুস্থতার কারণে ঘুম থেকে উঠতে পারেননি তিনি। সে কারণে জেল কোড অনুযায়ী ব্যবস্থা গ্রহণের আদেশ দিতে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। পরে আগামী ৩ মার্চ এই মামলার চার্জ শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন বিচারক।

এর আগে গত ৩ জানুয়ারি নাইকো দুর্নীতি মামলার শুনানিতে এসে বিচারককে আদালতের বিষয়ে অসন্তোষ জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

প্রসঙ্গত, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার পর ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় এ মামলা করে দুদক। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেয় দুদক।

মামলায় অভিযোগ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে ‘তুলে দেওয়ার’ মাধ্যমে আসামিরা রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করেছেন। আসামিপক্ষ মামলার বৈধতা চ্যালেঞ্জ করলে হাইকোর্ট ওই বছরের ৯ জুলাই এ মামলার কার্যক্রম স্থগিত করেন এবং রুল দেন। প্রায় সাত বছর পর ২০১৫ সালের ১৮ জুন হাইকোর্ট রুল নিষ্পত্তি করেন। একই সঙ্গে খালেদা জিয়াকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। পরে ওই বছরের ডিসেম্বরে আত্মসমর্পণ করে জামিন নেন খালেদা জিয়া।

মামলার অন্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, বাপেক্সের সাবেক সচিব মো. শফিউর রহমান, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সাংসদ এম এ এইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়া-বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।

আপনার মন্তব্য

আলোচিত