সিলেটটুডে ডেস্ক

২১ ফেব্রুয়ারি , ২০১৯ ১৫:২৬

রক্ত দিয়ে আহতদের বাঁচানোর আহবান তাসকিনের

চকবাজার ট্র্যাজেডি

ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত মানুষের সংখ্যা বেড়েই চলছে। মহান শহীদ দিবসে এমনি চারদিকে শোকের আবহ, সেই শোক আরও বাড়িয়ে দিয়েছে চকবাজার-ট্র্যাজেডি। সুদূর নিউজিল্যান্ডে থাকা বাংলাদেশের ক্রিকেটাররাও এই শোকে শোকাহত।

চকবাজারে আগুনের ঘটনায় ইতিমধ্যে ৭০ জন নিহত এবং অর্ধশত আহত রয়েছেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, দগ্ধ নয়জনের অবস্থা আশঙ্কাজনক।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারায় এমনিতে খেলোয়াড়দের মনটা খারাপ। মন খারাপের এই সময় তারা পেয়েছেন চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর।

ওপেনার তামিম ইকবাল খবরটা শুনেই ফেসবুকে লিখেছেন, চকবাজারে নিহত-আহত ব্যক্তিদের জন্য প্রার্থনা।

সেই সঙ্গে তিনি নিহত মানুষের স্বজনদের শোক সইবার শক্তি দিতে আর আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করেছেন।

আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করায় অন্য রকম এক ভালো লাগা কাজ করেছিল সাব্বির রহমানের। কিন্তু চকবাজারের ঘটনায় মনটা তারও ডুবে গেছে বিষাদে।

নিউজিল্যান্ড থেকে তিনি বললেন, ‘এতগুলো মানুষ মারা গেল, খুব খারাপ লাগছে! যাঁরা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন, দোয়া করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সৃষ্টিকর্তা আমাদের এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করুন।’

নিউজিল্যান্ড থেকে চকবাজারের ঘটনার খোঁজখবর নিলেন মোস্তাফিজুর রহমান। খবরটা শোনার পর থেকে তিনিও শোকে আচ্ছন্ন।

তিনি বলেন, ‘খবরটা শোনার পর থেকেই খুব খারাপ লাগছে, এত মানুষ মারা গেল! নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি আর যারা হাসপাতালে, তাদের জন্য দোয়া করি। এমন মর্মান্তিক দুর্ঘটনা থেকে আল্লাহ যেন আমাদের রক্ষা করেন, সে দোয়াও করি।’

চোটের কারণে নিউজিল্যান্ড সফরে যেতে না পারা তাসকিন আহমেদ আহবান করেছেন, আহতদের সাহায্যে এগিয়ে আসতে।

তিনি বলেন, ‘এই মুহূর্তে যারা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার বা এর আশপাশে অবস্থান করছেন তাঁরা দয়া করে ঢাকা মেডিকেলে চলে যান। চকবাজার অগ্নিকাণ্ডে আহতদের প্রচুর রক্ত লাগছে। চলুন রক্ত দিয়ে অর্জিত এই ভাষা দিবসে রক্ত দিয়ে জীবন বাঁচাই।’  

প্রসঙ্গত, বুধবার রাত ১০টা ১০ মিনিটে নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। রাতে পৌনে একটার দিকে পাশের কয়েকটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে বহু লোক হতাহত হয়েছে। পুড়ে ছারখার হয়েছে মানুষ, ভবন, দোকানপাট, আসবাব, গাড়িসহ নানা সরঞ্জাম।

আপনার মন্তব্য

আলোচিত