২৪ ফেব্রুয়ারি , ২০১৯ ১০:২১
রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
নিউইয়র্কে জাতিসংঘ মিশনের মাধ্যমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পাঠানো এক বার্তায় শোক প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।
তিনি বলেন, ‘নির্মম এই ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি রইল গভীর সমবেদনা। সেই সঙ্গে ২০ ফেব্রুয়ারির সেই ঘটনায় যারা আহত রয়েছেন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।’
জাতিসংঘ মহাসচিব অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার তৎপরতার প্রশংসা করেছেন। পাশাপাশি যেকোনো ধরনের সহায়তারও আশ্বাস দিয়েছেন।
প্রসঙ্গত, বুধবার রাতে পুরান ঢাকার প্রসাধনসামগ্রী ও প্লাস্টিক পণ্যের অন্যতম ব্যবসাকেন্দ্র চুড়িহাট্টায় আগুন লেগে ৬৭ জন নিহত হন। এলাকাটির বেশির ভাগ বাড়ির নিচে গড়ে তোলা কারখানা ও গুদামে রয়েছে অতি দাহ্য বস্তু। আগুন লাগলে বের হওয়ারও পথ নেই। ফায়ার সার্ভিসের গাড়িগুলো এসব গলিতে ঢুকতে পারে না।
চকবাজার, চুড়িহাট্টা এলাকায় বিভিন্ন ধরনের প্রসাধনসামগ্রী তৈরির কারখানা বাড়িতে বাড়িতে, যার বেশির ভাগই ‘নকল’ বলে স্বীকার করছেন ব্যবসায়ীরা।
আপনার মন্তব্য