সিলেটটুডে ডেস্ক

২৫ ফেব্রুয়ারি , ২০১৯ ১৭:২৯

হঠাৎ নামাজ পড়া শুরু করেন ‘বেয়াড়া’ পলাশ

হঠাৎ বদলে গিয়েছিলেন চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকালে কমান্ডো অভিযানে নিহত মো. পলাশ আহমদ। পরিবারের অবাধ্য হয়ে অনিয়ন্ত্রিত জীবনযাপন করা পলাশ হঠাৎ ধর্মকর্ম শুরু করেন।

পলাশের বাবা পিয়ার জাহানের দেয়া তথ্যমতে, সর্বশেষ ২০ থেকে ২৫ দিন আগে পলাশ বাড়িতে যান। বাড়িতে যাওয়া পর তার আচরণে বিরাট পরিবর্তন দেখেন পরিবারের সদস্যরা। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া থেকে শুরু করে, মসজিদে গিয়ে আজানও দিয়েছেন তিনি। সর্বশেষ শুক্রবার কাজের সন্ধানে দুবাই যাওয়ার কথা বলে বাড়ি থেকে চলে যান পলাশ।

পলাশের বাবা জানান, ‘বেয়াড়া’ স্বভাবের ছিলেন তার ছেলে। স্থানীয় তাহেরপুর সিনিয়র মাদ্রাসা থেকে ২০১১ সালে পলাশ দাখিল পাস করেন। পরে সোনারগাঁ বিশ্ববিদ্যালয় কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হন। প্রথম বর্ষের পর পড়াশোনা বন্ধ করে দেন। এরপর বাড়ি ছেড়ে ঢাকায় চলে যান। ওই সময বাড়িতে আসা যাওয়া প্রায় বন্ধ ছিল তার। ঢাকায় কী করতেন, কোথায় থাকতেন পলাশ, সে সম্পর্কে তাঁর পরিবার কিছু জানতেন না। ঢাকায় গান ও অভিনয় করতেন বলে স্থানীয় লোকজনের কাছে শুনেছেন পলাশের বাবা।

পলাশের বাবা পিয়ার জাহান আরো জানান, গত কোরবানি ঈদের এক মাস আগে এবং এরপর এক সপ্তাহ আগে দুই দফায় পলাশ বাড়ি আসেন। তখন তাঁর সঙ্গে চলচ্চিত্র নায়িকা সিমলা ছিলেন বলে দাবি পলাশের বাবার। তিনি বলেন, পলাশ তাকে জানান, সিমলাকে তিনি বিয়ে করেছেন। তবে পলাশের এই বিয়েতে প্রবল আপত্তি করেন তার পরিবার। এ কারণে যেদিন এসেছিলেন, ওই দিনই সিমলাকে নিয়ে পলাশ ঢাকায় চলে যান।

পলাশের উচ্ছন্ন জীবন যাপনের কিছু চিত্র তিনি তার ফেসবুকে অ্যাকাউন্টেও পোস্ট করতেন। ২০১৭ সালের ১৪ ডিসেম্বর এক হাতে পিস্তল ও আরেক হাতে সিগারেট নিয়ে কয়েকটি ছবি আপলোড করেন ফেসবুকে। এছাড়াও বিভিন্ন সময় তার স্ত্রী দাবি করা চিত্র নায়িকা সিমলার সাথে বেশকিছু ছবি ফেসবুকে আপলোড করেন। বিমান ছিনতাইয়ের ৪ ঘন্টা আগে রবিবার দুপুর ১টা ৩মিনিটে ‘ঘৃনা নিঃশ্বাসে প্রশ্বাসে।’ লিখে স্ট্যাটাস শেয়ার করেন পলাশ।

প্রসঙ্গত, ময়ূরপঙ্খী উড়োজাহাজটির (বিজি-১৪৭ ফ্লাইট) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৫টা ৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। ঢাকা থেকে উড্ডয়নের পরই উড়োজাহাজটি ছিনতাইকারীর কবলে পড়ে। প্রায় দুই ঘণ্টার টান টান উত্তেজনার পর উড়োজাহাজ ছিনতাইচেষ্টার অবসান ঘটে। গতকাল সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাত্র আট মিনিটের কমান্ডো অভিযানে উড়োজাহাজটিতে থাকা অস্ত্রধারী তরুণ নিহত হন।

আপনার মন্তব্য

আলোচিত