২৮ ফেব্রুয়ারি , ২০১৯ ১৯:৫৭
নির্বাচনের পর এই প্রথম নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফি বিন মুর্তজা লোহাগড়াি উপজেলায় এসেছেন। সেখানে রাজনৈতিক নেতা-কর্মী, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মাশরাফি। সভায় মাশরাফি মাদক ও দুর্নীতির বিরুদ্ধে নিজের শক্ত অবস্থানের কথা তুলে ধরেন।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি)লোহাগড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় বক্তব্য দেন মাশরাফি।
উপস্থিত সবাইকে দুর্নীতির বিরুদ্ধে নিজের অবস্থানের কথা জানিয়ে মাশরাফি বলেন, ‘যদি মনে করেন আপনারা সাধারণ জনগণের ওপর অন্যায় করবেন আর আমি বসে থাকব, তাহলে ভুল করবেন আপনারা মাদকের বিরুদ্ধে শক্ত হন। আমি আপনাদের পাশে আছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাপতিত্বে এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির, নলদী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, শালনগর ইউপি চেয়ারম্যান খান তসরুল ইসলাম, জয়পুর ইউপি চেয়ারম্যান ফকির আকতার হোসেন, মল্লিকপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, লাহুড়িয়া ইউপি চেয়ারম্যান মো. দাউদ হোসেন প্রমুখ।
উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় ছাড়াও সিসি টিভি প্রকল্পের উদ্বোধন, লোহাগড়ার মুক্তিযোদ্ধা ও বণিক সমিতির সদস্যদের সঙ্গেও মতবিনিময় ও ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন নতুন সাংসদ।
আপনার মন্তব্য