সিলেটটুডে ডেস্ক

২৮ ফেব্রুয়ারি , ২০১৯ ২১:৫৩

‘ময়ূরপঙ্খী’র পাইলট-ক্রুদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের উড়োজাহাজ ময়ূরপঙ্খী ছিনতাই চেষ্টা থেকে রক্ষার জন্য বিমানের পাইলট ও ক্রু’দের ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) গণভবনে ওই বিমানের পাইলট ও কেবিন ক্রু’রা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী তাদের ‘হিরো’ হিসেবে আখ্যায়িত করেন। প্রধানমন্ত্রী পাইলট ও কেবিন ক্রু’দের দক্ষতা ও দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন এবং সাহসিকতার জন্য তাদের অভিনন্দন জানান।

এসময় পাইলট গোলাম শফী সেদিনের ঘটনার বিস্তারিত বিবরণ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। প্রধানমন্ত্রী পাইলট ও কেবিন ক্রুদের দক্ষতা ও দূরদর্শিতার ভূয়সী প্রশংসা করেন। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুবআলীসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।

খোকন জানান, সাক্ষাতে প্রধানমন্ত্রী বলেন, কোনো রকমের প্রাণহানি ও সম্পদহানি ছাড়াই বিমান ছিনতাই ঘটনার অবসান হওয়া বিশ্বে নজিরবিহীন। এটি অত্যন্ত সাহসিকতাপূর্ণ কাজ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটের ফার্স্ট অফিসার মুনতাসির মাহবুব ও পাঁচ কেবিন ক্রু এসময় উপস্থিত ছিলেন। এছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সচিব মহিবুল হক এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আহমেদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টা করেন পলাশ আহমেদ ওরফে মাহিবি জাহান। তার কাছে থাকা খেলনা পিস্তল দিয়ে তিনি ভীতি সঞ্চার করেন যাত্রীদের মধ্যে। পরে উড়োজাহাজটি চট্টগ্রামে অবতরণ করলে পাইলট পলাশকে কথায় ব্যস্ত করে রাখেন। এর ফাঁকে বিমান ক্রু’রা যাত্রীদের উড়োজাহাজ থেকে নামিয়ে আনেন।

পাইলট উড়োজাহাজ ছিনতাইয়ের এই চেষ্টার কথা কন্ট্রোল টাওয়ারকে জানালে আইনশৃঙ্খলা বাহিনী উড়োজাহাজটি ঘিরে রাখে। পরে সেনা বাহিনীর প্যারা কমান্ডো ব্যাটেলিয়নসহ বিমান বাহিনী, পুলিশ, র‌্যাব ও এপিবিএন সদস্যরা ওই বিমানে অভিযান চালান। ৮ মিনিটের অভিযানে প্রাণ হারান ‘অস্ত্রধারী’ পলাশ।

পরে জানা যায়, নকল পিস্তলধারী তরুণ পলাশ ওরফে মাহিবি জামানের বাড়ি নারায়ণগঞ্জে। তিনি শোবিজ অঙ্গনে যুক্ত ছিলেন। ‘কবর’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজনা করেছিলেন তিনি। শুধু তাই নয়, তিনি এতে অভিনয়ও করেন। আর তার সেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেন রাশিদ পলাশ।

আরও জানা যায়, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সিমলার সঙ্গে তার বিয়েও হয়েছিল। পলাশের পরিবার এ তথ্য জানায়। পরে সিমলা জানান, মাস চারেক আগে তাদের বিচ্ছেদ হয়ে গেছে।

আপনার মন্তব্য

আলোচিত