০২ মার্চ, ২০১৯ ১৪:২২
ঢাকা উত্তরকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে এক বছরের কর্মপরিকল্পনা হাজির করেছেন উপ-নির্বাচনে সদ্য নির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। এজন্য স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী কর্মসূচি হিসেবে ঢাকা উত্তরের উন্নয়নকে তিন ভাগে ভাগ করার কথা জানান তিনি।
ঢাকা উত্তরকে আলোকিত নগরে পরিণত করা, পরিবেশ দূষণ রোধ, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নগর অ্যাপকে সক্রিয় করা, কর ও লেনদেন ডিজিটালাইজড ও অটোমেটেড করা, নগর বনায়ন, বৃক্ষরোপণ, প্রতি মহল্লায় উন্মুক্ত পার্ক ও খেলার মাঠ গড়ে তোলার মাধ্যমে সবুজ ঢাকা গড়ে তোলার চিন্তা রয়েছে তার এই কর্মপরিকল্পনায়।
শনিবার (২ মার্চ) দুপুরে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে এই কর্মপরিকল্পনার কথা জানান ঢাকা উত্তরের নতুন মেয়র।
আগামী এক বছরের জন্য তার কাজের পরিকল্পনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-
১. ঢাকা উত্তর সিটি করপোরেশনকে আলোকিত ঢাকায় পরিণত করা
২. পরিবেশ দূষণ রোধ করা
৩. প্রধানমন্ত্রীর ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নগর অ্যাপসকে সক্রিয় করা
৪. সব ধরনের কর ও লেনদেনকে ডিজিটাইজড ও অটোমেশন করা
৫. বৃক্ষরোপণ, নগর বনায়ন, নগর কৃষির বিস্তার ও বিকাশ
৬. মহল্লায় মহল্লায় উন্মুক্ত পার্ক ও খেলার মাঠ তৈরি
৭. ফুটপাত নাগরিকদের কাছে ফিরিয়ে দেওয়া
৮. সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা
৯. নতুন অন্তর্ভুক্ত এলাকায় উন্নয়ন পরিকল্পনা
১০. প্রয়াত মেয়র আনিসুল হকের শুরু করা কাজগুলোকে সম্পন্ন করতে সর্বাত্মক কার্যক্রম গ্রহণ।
ভবিষ্যৎ কাজের পরিকল্পনার বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর থেকে আমি কাজ শুরু করবো বলেছি। কাজগুলো একবার শুরু হলে তা শেষ হবেই। ঢাকা উত্তরকে সুন্দর, সবুজ ও আধুনিক করতে যা যা করা প্রয়োজন আমি সে কাজগুলো করবো।’
এক বছরের মধ্যে কাজগুলো করা সম্ভব কিনা সে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমি নগর সেবক হিসেবে থাকতে চাই। নগরের উন্নয়নের জন্য কাজ করতে চাই। দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে সুন্দর ও সবুজ একটি ঢাকা নগরী গড়তে চাই।’
আপনার মন্তব্য