০২ মার্চ, ২০১৯ ২১:২৫
একাদশ সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরাম থেকে নির্বাচিত দুই সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান আগামী ৭ মার্চ শপথ নিতে চান।
এদিন সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার আগ্রহের কথা জানিয়ে স্পিকার শিরীন শারমিনকে পৃথকভাবে চিঠি দিয়েছেন গণফোরাম থেকে বিজয়ী এই দুই নেতা।
জাতীয় সংসদ সচিবালয়ের একটি সূত্র এই দুই নেতার চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও শপথ নেয়ার বিষয়টি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ নিশ্চিত করে বলেন, ঐতিহাসিক ৭ মার্চে শপথ গ্রহণ করার জন্য আমরা দুজন সংসদ সচিবালয়কে চিঠি দিয়েছি।
দলের এই সিদ্ধান্ত সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে সুলতান মনসুর বলেন, “বাদ দেন তো দলের কথা। যারা ভোট দিয়ে আমাদের জয়ী করেছেন, তাদের প্রাধান্য দেন।”
গত নির্বাচনে মৌলভীবাজার-২ আসন থেকে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে জয়ী হন সুলতান মনসুর। আর সিলেট-২ আসন থেকে উদীয়মান সূর্য প্রতীকে জয়ী হন মোকাব্বির খান। ঐক্যফ্রন্টের টিকিটে বিজয়ীরা কেউ শপথ নেবে না বলে বিএনপি নেতৃত্বাধীন জোটটির পক্ষ থেকে একাধিকবার জানানো হলেও গণফোরামের এই দুজন শপথ নিতে আগ্রহী ছিলেন। এ নিয়ে আলোচনার মধ্যে মোকাব্বির খান নিজেই দ্য ডেইলি স্টারকে বলেছিলেন যে তিনি দলের সিদ্ধান্ত মেনে চলবেন। আর দলের সিদ্ধান্ত হলো শপথ না নেওয়া।
নির্বাচন সামনে রেখে গত বছরের অক্টোবরে বিএনপি, গণফোরাম, জেএসডি ও নাগরিক ঐক্য মিলে রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। পরে এতে যোগ দেয় কৃষক-শ্রমিক-জনতা লীগ। নির্বাচনে গণফোরামের দুজন ও বিএনপির ছয়জন জয়ী হন।
আপনার মন্তব্য