০২ মার্চ, ২০১৯ ২১:৫৭
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ধর্ষণের শিকার পলি আক্তার (২২) এক গৃহবধূর বিষপানে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২ মার্চ) সকালে মোহাম্মদপুর ইউনিয়নের চর মাকসুম গ্রামে পলি বিষপান করেন বলে তার শ্বশুর নূর করিম জানান। সে ওই গ্রামের ইউসুফ সোহাগের স্ত্রী।
নূর করিম জানান, শুক্রবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে একই এলাকার আলাউদ্দিন ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। পলির চিৎকার শুনে আশপাশের লোকজন আলাউদ্দিনকে আটকের পর রাতেই সালিশী বৈঠকে ৬০ হাজার টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেওয়া হয়। অপমান সইতে না পেরে সকালে বিষ পান করে আত্মহত্যা করে পলি।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, পলি আক্তারকে দুপুরে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মন্তব্য