০৩ মার্চ, ২০১৯ ১৯:৫৮
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে হাসপাতালে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া।
সেতুমন্ত্রীর সর্বশেষ অবস্থা জানাতে রোববার (৩ মার্চ) বিকেলে বিএসএমএমইউ-তে ছুটে যান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে সন্ধ্যায় হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান অধ্যাপক কনক কান্তি বড়ুয়া।
উপাচার্য জানান, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আগের চেয়ে খানিকটা উন্নতির দিকে। প্রধানমন্ত্রী যখন হাসপাতালে এসে আইসিইউয়ে তার নাম ধরে ডাকেন তখন তিনি সাড়া দেন এবং তার চোখের পাতা নড়ে। পরে রাষ্ট্রপতি এসে যখন তাকে ডাকেন তিনি চোখ মেলে তাকান।
কাদেরের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান বিএসএমএমইউ হাসপাতালের কার্ডিওলজির অধ্যাপক সৈয়দ আলী আহসান বলেন, ‘বিস্তারিতভাবে বলতে গেলে আসলে ইনজুরি থেকে উঠে আসতে কিছুটা সময় লাগে। সেই সময়ে যদি উনার হার্টের মাংসগুলো ভালো অক্সিজেন-নিউট্রিশন পায়, তাহলে আশাবাদী হতে পারি। তবে এর বিপরীতও হতে পারে।’
এর আগে আজ সকাল ৭টা ৩০ মিনিটে বুকে ব্যথা অনুভব করলে সেতুমন্ত্রীকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়।
আপনার মন্তব্য