২৮ মার্চ, ২০১৯ ১৫:১৬
রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারের আগুন নেভাতে বিমানবাহিনীর হেলিকপ্টার কাজ শুরু করেছে। পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন।
বৃহস্পতিবার (২৮ মার্চ) আইএসপিআরের পরিচালক লে. কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘বনানীর আগুন নেভাতে বিমানবাহিনীর হেলিকপ্টার কাজ করছে। পাশাপাশি সেনা ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছেন।’
তবে কোন ইউনিটের কতজন সদস্য আগুন নেভাতে কাজ করছেন তা তিনি তাৎক্ষণিক জানাতে পারেননি।
ভবনটির নয়তলায় আটকে পড়া পিংকি শাহা নামে একজন বলেন, তার এক রুমে ৩০ জন আটকে আছেন। ধোঁয়ায় নিঃশ্বাস নিতে পারছেন না তিনি।
উপর থেকে লাফিয়ে পড়ে অনেকে আহত হয়েছেন। এছাড়া অনেকে কাঁচ ভেঙে দেয়াল বেয়ে নিচে নামার চেষ্টা করছেন।
ভবনটির আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। তাৎক্ষণিককভাবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
এর আগে, দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে ২১ তলা এফ আর টাওয়ারের ৯ তলায় আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এ তথ্য নিশ্চিত করেন।
আপনার মন্তব্য