০২ এপ্রিল, ২০১৯ ১৮:৩২
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম মাহবুবুল হক বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখে মনে হয়েছে তিনি আমাদের চিকিৎসায় সন্তুষ্ট।’
মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে মেডিকেল বোর্ডের সদস্যরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখার পর সংবাদ সম্মেলনে এ বি এম মাহবুবুল হক এ কথা বলেন।
তিনি বলেন, ‘খালেদা জিয়াকে কেবিনে নেওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত যা দেখেছি, এতে মনে হয়েছে, তিনি আমাদের চিকিৎসায় সন্তুষ্ট। তাঁর চিকিৎসা আমাদের এখানে ভালো হচ্ছে। আমরা তাঁকে খুশি দেখেছি। তিনি দুই হাত নাড়িয়ে কথা বলেছেন।’
ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম মাহবুবুল হক বলেন, ‘আমাদের চিকিৎসকেরা তাঁকে (খালেদা জিয়া) দেখেছেন। তাঁর অবস্থা গতকালের মতো আছে। গতকাল তাকে যে ওষুধ দেওয়া হয়েছিল সেগুলোই চালু আছে। এখন তাকে নতুন করে কোনো পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়নি।’
খালেদা জিয়াকে কখন রিলিজ দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রোগীর অবস্থা দেখে তাকে ছাড়া হবে।’
এক সাংবাদিক বিএনপির চেয়ারপারসনের রোগগুলো সম্পর্কে জানতে চাইলে বিএসএমএমইউর পরিচালক বলেন, ‘তাঁর শরীরে যে সমস্যা এগুলো আমার পক্ষে অ্যানালাইসিস করা সম্ভব নয়।’
উল্লেখ্য, সোমবার (১ এপ্রিল) বেলা সোয়া ১২টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগার থেকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন মেডিক্যাল বোর্ডের প্রধান ও বিএসএমএমইউ মেডিসিন বিভাগের প্রধান জিলন মিঞা সরকার। খালেদা জিয়া বর্তমানে বিএসএমএমইউর ২০৫ নম্বর রুমে রয়েছেন।
আপনার মন্তব্য