১৪ এপ্রিল, ২০১৯ ২০:২৭
রাজধানীর মিরপুর ১৪ নম্বরে কচুক্ষেতের পুলপাড়ের নয়তলা ভবনের আগুন নিয়ন্ত্রনে এনেছে ফায়ার সার্ভিস। সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এসময় রুহুল আমিন নামে একজন ফায়ারম্যান আহত হয়েছে বলে জানা গেছে।
রোববার (১৪ এপ্রিল) বিকেল ৫টা ৫মিনিটে আগুনের সূত্রপাত হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, মিলি সুপার মার্কেটের ওপরে থাকা পোশাক কারখানায় আগুন লেগেছিল। ভবনের ৬ তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা নেই। শুধু একজন ফায়ারম্যান সামান্য আহত হয়েছেন।
স্থানীয়রা জানান, ভবনটি বাণিজ্যিক কাজে ব্যবহৃত হতো। এখানে রেস্টুরেন্ট, মার্কেট ও কারখানা ছিলো। তবে ছুটির দিন হওয়ায় ভবনটি ফাঁকা ছিলো। কেবল কয়েকটি প্রতিষ্ঠানের নিরাপত্তারক্ষী সেখানে ছিলেন। আগুন লাগার পর তারা নিরাপদেই ভবন থেকে বের হয়ে যান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ বলেন, ‘আড়াই ঘণ্টা চেষ্টার পর ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে যেখানে আগুন লেগেছিল সেটি ছিল কাপড়ের গুদাম। তাই এখন ভেতের ডাম্পিংয়ের কাজ চলছে। আগুন কিভাবে লেগেছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’
তিনি আরও জানান, ভবনে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিলো না। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ভবন নির্মাণে যথাযথ নিয়ম মানা হলে দ্রুতই আগুন নিভিয়ে ফেলা যেত। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, ভবন মালিকের নাম নজরুল ইসলাম খান ও ভবনের নাম খান ম্যানশন। যেখান থেকে আগুনের সূত্রপাত (৬ তলা) ওই ফ্লোরটি পাপ্পু নামের একজন গোডাউন হিসেবে ব্যবহার করতেন।
আপনার মন্তব্য