সিলেটটুডে ডেস্ক

২৪ জুলাই, ২০১৯ ১৪:৩৭

১১ দফা দাবিতে ধর্মঘটে নৌযান শ্রমিকরা

নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে অচল হয়ে পড়েছে দেশের সব নৌপথ। নিয়োগপত্র, ভাতা, চাঁদাবাজি বন্ধ করাসহ ১১ দফা দাবিতে ধর্মঘট করছে তারা।

বুধবার (২৪ জুলাই) ভোর থেকে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে এই ধর্মঘটের কারণে সারা দেশে লাইটার জাহাজ (ছোট আকারের পণ্যবাহী জাহাজ) চলাচল বন্ধ রয়েছে।

ফলে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেল (বড় আকারের জাহাজ) থেকে পণ্য খালাসও বন্ধ হয়ে গেছে।

মধ্যরাতের পর থেকে সারা দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচলও বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন রাজধানীসহ দক্ষিণ জনপদের বিভিন্ন জেলার নৌপথের যাত্রীরা।

নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক খোরশেদ আলম জানান, মধ্যরাত থেকে আমরা কর্মবিরতি শুরু করছি। দেশের যেখানে যে নৌযান আছে (নদীতে বা সাগরে) সেটাকে সেখানেই অবস্থান করতে বলা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

ফেডারেশনের ১১ দফা দাবির মধ্যে মালিকপক্ষের কাছে সাত দফা এবং সরকারের কাছে চার দফা।

মালিকপক্ষের কাছে তাদের দাবির মধ্যে নৌযান শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র দেওয়া, সার্ভিস বুক দেওয়া, মৃত্যুকালীন ভাতা দেওয়া, সি ও ফুড অ্যালাউন্স চালু এবং সামাজিক নিরাপত্তা বিধানের দাবি রয়েছে।

আর সরকারের কাছে তাদের চার দফা দাবির মধ্যে নিয়মিত ড্রেজিং, নৌপথে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করা, নৌ পরিবহন অধিদপ্তরের হয়রানি ও দুর্নীতি বন্ধ করার দাবি রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত