২৭ আগস্ট, ২০১৯ ১০:৫৬
শ্রীলঙ্কান দুটি যুদ্ধ জাহাজ প্রথমবারের মতো বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসেছে।
সোমবার (২৬ আগস্ট) সকালে ‘সায়ুরা’ ও ‘নন্দিমিত্র’ নামে জাহাজ দুটি চিটাগাং ড্রাই ডক লিমিটেডের জেটিতে এসে পৌঁছেছে।
আইএসপিআর এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান বিষয়টি জানিয়েছেন।
জাহাজ দুটি বাংলাদেশে চারদিন অবস্থান করবে বলেও তিনি জানান।
২৯ আগস্ট জাহাজ দু’টির বাংলাদেশ ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
রাশেদুল আলম খান জানান, সোমবার সকালে জাহাজ দুটি ড্রাই ডক লিমিটেডের জেটিতে এসে পৌঁছালে সেখানে নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে জাহাজ দুটিকে স্বাগত জানায়। পরে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আব্দুস সামাদ জাহাজ দুটির অধিনায়কদের ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
তিনি আরও বলেন, বাংলাদেশে অবস্থানকালে জাহাজ দু’টির অধিনায়করা চট্টগ্রাম নৌ-অঞ্চলের কমান্ডার এবং চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা ও নাবিকরা নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র জয়’, বাংলাদেশ নেভাল অ্যাকাডেমি, স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিস (এসএমডব্লিউটি), বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটিসহ নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সমপন্ন শিশুদের স্কুল ‘আশার আলো’ এবং চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক ও পর্যটন এলাকা পরিদর্শন করবেন।
আইএসপিআর সূত্র জানায়, জাহাজ দুটিতে প্রশিক্ষণার্থী ও কর্মকর্তাসহ মোট ২৪৭ জন নৌ-সদস্য রয়েছেন। শ্রীলঙ্কান নৌ-বাহিনীর অফসোর পেট্রোল ভেসেল ‘সায়ুরা’ এর অধিনায়ক হিসেবে ক্যাপ্টেন নীলানথা হিওয়াভিথারান এবং ফাস্ট মিসাইল ভেসেল ‘নন্দিমিত্র’ এর অধিনায়ক হিসেবে ক্যাপ্টেন বুদ্ধিকা লিয়ানাগমেজ দায়িত্ব পালন করছেন। এর আগে সফরকারী জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে নৌবাহিনী জাহাজ ‘দূর্জয়’ তাদের অভ্যর্থনা জানায়।
আপনার মন্তব্য