যশোর প্রতিনিধি

২৮ আগস্ট, ২০১৯ ২০:১৪

ভারতে দুই বছর জেল খেটে দেশে ফিরল দুই তরুণী

অবৈধ পথে ভারতে পাচার হওয়ার পর দুই বছর জেল খেটে বেনাপোল হয়ে দেশে ফিরল দুই তরুণী।

বুধবার (২৮ আগস্ট) বিকালে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসা তরুণীদের মধ্যে একজন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের বাসিন্দা ও অপরজন বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বেনীডাঙ্গা গ্রামের বাসিন্দা।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি তদন্ত মাসুম বিল্লাহ বলেন, ভালো কাজের আশায় দুই বছর আগে তারা ভারতে পাচার হয়। এরপর তাদের সে দেশের পুলিশ আটক করে কলকাতার সুকন্যা নামে একটি শেল্টার হোমে রাখে। তারপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠি চালাচালির এক পর্যায় বিশেষ ট্রাভেলস পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের ফেরত পাঠায়।

এ ব্যাপারে যশোর মহিলা আইনজীবী সমিতির নাছিমা খাতুন বলেন, ফেরত আসাদের ইমিগ্রেশন ও পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষ করে তাদের তত্বাবধানে রেখে পরিবারের সাথে যোগাযোগ করে তারপর তাদের হাতে তুলে দেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত