সিলেটটুডে ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০১৯ ১২:৩৬

বান্দরবান সীমান্তে ‘স্থলমাইন বিস্ফোরণে’ রোহিঙ্গা যুবক নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত থেকে বিস্ফোরণে ক্ষতবিক্ষত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, নিহত ওই যুবক মিয়ানমারের রোহিঙ্গা। স্থলমাইন বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে সীমান্তের বাইশফাঁড়ি এলাকার ৩৯ নম্বর পিলারে কাছে মৃতদেহটি পাওয়া যায়।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির এসআই ইমন কান্তি চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরণে তার দুই পা উড়ে গেছে। সীমান্ত পার হতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে তার এ অবস্থা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় এখনও জানা যায়নি।

ময়নাতদন্তের জন্য লাশটি বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে এসআই ইমন জানান।

বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম, তুমব্রু ও আশারতলী সীমান্তে মিয়ারমার নিরাপত্তাবাহিনী মাইন পুঁতে রাখা হচ্ছে। ২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমনপীড়ন শুরু হলে বাংলাদেশ সীমান্তের দিকে নতুন করে রোহিঙ্গাদের ঢল শুরু হয়।

এর পর থেকে এ পর্যন্ত সোয়া সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। আর গত কয়েক দশক ধরে কক্সবাজারে আশ্রয় নিয়ে আছে আরও চার লাখ রোহিঙ্গা।

রাখাইন থেকে পালিয়ে আসার পথে অনেকেই মিয়ানমারের সীমান্তরক্ষীদের পেতে রাখা ভূমি মাইন বিস্ফোরণে হতাহত হয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বিভিন্ন প্রতিবেদনেও এ বিষয়টি তুলে ধরা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত