সিলেটটুডে ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:৪৫

পাপনের কমিটি দিয়ে বিসিবিতে ‘ক্যাসিনো ব্যবসায়ী’ লোকমান

নাজমুল হাসান পাপন (ডানে) ও লোকমান হোসেন ভুঁইয়া (বামে)। পুরনো ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মোহামেডান ক্লাবের ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থায় ঢুকেন সভাপতি নাজমুল হাসান পাপনের কমিটির মাধ্যমে। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে জাতীয় দৈনিক প্রথম আলো।

বিসিবির কয়েকজন পরিচালকের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, লোকমান প্রথম ক্রিকেট বোর্ডে আসেন ২০১২ সালের অক্টোবরে। আগের কমিটির চার বছরের মেয়াদ শেষ হলে সে সময় বিসিবির একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ১৩ সদস্যের এই অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি হন বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি তার আগেই সরকার কর্তৃক মনোনীত হয়ে সভাপতির চেয়ারে বসেছিলেন। এই কমিটির একজন সদস্য হিসেবে যুক্ত হন লোকমান।

পরে ২০১৩ সালের অক্টোবরে যে ১৯ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন, তাদের মধ্যে তিনিও ছিলেন। লোকমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড পরিচালক হন ২০১৭ সালের অক্টোবরে বিসিবির সবশেষ নির্বাচনেও; প্রতিবেদনে এমন তথ্য জানায় প্রথম আলো।

প্রতিবেদনে বলা হয়, লোকমান যখন ক্রিকেট বোর্ডে পরিচালক হয়ে আসেন, তখন ক্রিকেটের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। সাত বছর আগেও যার ক্রিকেটের সঙ্গে কোনো সম্পৃক্ততা ছিল না, সেই লোকমান কীভাবে বিসিবিতে এলেন, সেটি অবশ্য মনে পড়ছে না বিসিবির পরিচালক সাজ্জাদুল আলমের। তবে তিনি বলেন, ‘আগে তাকে সরাসরি ক্রিকেটে যুক্ত থাকতে দেখিনি। মাঠে দেখেছি, হয়তো দর্শক হিসেবে এসেছেন। ক্রিকেট সংগঠক হিসেবে তার পরিচয় আমরা জানতাম না। এই বোর্ডের আগের বোর্ড থেকে তাকে দেখছি।’

ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকা লোকমান হোসেন ভুঁইয়াকে নিজের ‘বন্ধু’ বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। লোকমান ক্যাসিনো ব্যবসায় জড়িত ছিল বলে তার 'জানা ছিল না' বলে দাবিও করেন তিনি। শুক্রবার নিজের বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি পাপন বলেন, 'লোকমান আমাকে কোনোদিন বলে নাই মোহামেডান ক্লাবে একটা ক্যাসিনো আছে। এটাও একটা আশ্চর্য। ও কিন্তু আমার বন্ধু। ও আমাকে বলে নাই, আমি নিজেও জানি না। দেখা যাক, সব বের হয়ে আসবে।'

পাপন বলেন, 'আমি যে লোকমানকে চিনি সে জীবনে মদ খায় নাই। সে জীবনে জুয়া খেলে নাই। এটা যেমন সত্যি, আবার সে যে ক্যাসিনোর জন্য (ক্লাবের কক্ষ) ভাড়া দিয়েছে- এটাও তো সত্যি। কাজেই অস্বীকার করার তো কোনো পথ নাই। সে যদি করে থাকে তাহলে তার বিচার হবে।'

স্বীকারোক্তিতে লোকমান হোসেন ভুঁইয়া ক্যাসিনো ব্যবসার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন এমন তথ্য র‍্যাব জানালেও নাজমুল হাসান পাপন বলছেন, 'প্রমাণিত হওয়ার আগে তো কিছু বলতে পারছি না যে আসলে ঘটনাটা কী। কারণ এখন তো অনেক কথা শোনা যাচ্ছে। দেশে আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারা আগে দেখুক, বুঝুক আসলে কে কী করেছে। যে যা দোষ করেছে তার সেই শাস্তি হবে, এটা নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই।'

লোকমান যেহেতু ক্রিকেট বোর্ডের একজন পরিচালক, তার বিষয়ে বিসিবি এখন কী করবে, এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি এখনই কোন সিদ্ধান্ত নেবেন না বলে জানান। এজন্যে তিনি 'অপরাধ প্রমাণ পর্যন্ত' অপেক্ষা করতে চান। বোর্ড সভাপতি এ প্রসঙ্গে বলেন, 'অপরাধ প্রমাণ হওয়ার পর বোর্ড সিদ্ধান্ত নেবে।'

উল্লেখ্য, ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত এবং অবৈধভাবে ৬ বোতল বিদেশি মদ রাখার অভিযোগে গত বুধবার রাতে মনিপুরী পাড়ার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় বিসিবি পরিচালক ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা লোকমান হোসেন ভূঁইয়াকে। এরপর রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করে র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন তিনি, এমনটাই জানিয়েছে র‍্যাব।

মোহামেডান স্পোর্টিং ক্লাবে ক্যাসিনো বসিয়ে ৪১ কোটি টাকা আয় করেছেন বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন লোকমান। এ টাকা অস্ট্রেলিয়ার দু’টি ব্যাংকে গচ্ছিত রেখেছেন বলেও জানান তিনি। এছাড়াও মোহামেডান স্পোর্টিং ক্লাবে বসানো ক্যাসিনো থেকে প্রতিদিন ৭০ হাজার টাকা নিতেন ক্লাবটির ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া। এ ক্যাসিনোটি পরিচালনা করতেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কাউন্সিলর আওয়ামী লীগ নেতা এ কে এম মোমিনুল হক ওরফে সাঈদ কমিশনার। গত বৃহস্পতিবার প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

লোকমান একসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। আওয়ামী লীগের এমপি নাজমুল হাসান পাপনের সূত্র ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদস্য হওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ পদে রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত