সিলেটটুডে ডেস্ক

১৩ অক্টোবর, ২০১৯ ২০:২৬

আবরার হত্যা: ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে হত্যার ঘটনায় তার পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে হাই কোর্টে রিট আবেদন করা হয়েছে ।

রোববার ( ১৩ অক্টোবর) হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহিন বাবুর পক্ষে অপর আইনজীবী এ কে এম ফায়েজ এ রিট আবেদন দায়ের করেন বলে নিশ্চিত করেন।

এদিকে আবরার ফাহাদ হত্যা মামলার আসামি শামীম বিল্লাহ ও মোয়াজকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার (১৩ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ শুনানি শেষে রিমান্ডে নেয়ার আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) ওয়াহিদুজ্জামান আসামিদের আদালতে হাজির করে দশদিন রিমান্ডে নেয়ার অনুমতি চেয়ে আবেদন করেন।

আবেদনে বলেন, গত ৬ অক্টোবর রাত ৮টা ৫ মিনিটের দিকে আবরারকে বুয়েটের শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে রাত আড়াইটা পর্যন্ত হলের ২০১১ এবং ২০০৫ নম্বর কক্ষে পূর্বপরিকল্পিতভাবে ক্রিকেট স্ট্যাম্প এবং লাঠি-সোটা দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় প্রচণ্ড মারধর করার ফলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আবরারের মৃত্যু নিশ্চিত করে আসামিরা ওই ভবনের দ্বিতীয় তলার সিঁড়িতে তার মৃতদেহ ফেলে রাখে। পরে কিছু ছেলে আবরারের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুষ্ঠু তদন্ত, রহস্য উদঘাটন, অন্যান্য সহযোগী ও এজাহার বহির্ভূত পলাতক আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার, কোনো হুকুমদাতা থাকলে তাদের শনাক্ত করা ছাড়াও কি কারণে এরকম নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা জানার জন্য প্রার্থিত মেয়াদে আসামিদের রিমান্ডে নেয়ার অনুমতি দেয়া প্রয়োজন।

আসামিদের রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন করা হয়। আদালতে প্রসিকিউশন ও আসামিদের পক্ষে আইনজীবীদের দীর্ঘসময় শুনানি হয়। রিমান্ড মঞ্জুর করার আগে বিচারক আসামিদের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তারা কোনো কথা বলেনি।

আসামিদের গ্রেপ্তার করা সংক্রান্তে বলা হয়েছে, সাতক্ষীরা হয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গত শুক্রবার বিকেলে শামীম বিল্লাহকে ও উত্তরা ১৪ নম্বরের একটি বাসা থেকে শনিবার সকাল ১১টায় মোয়াজকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (সিআইডি)।

আপনার মন্তব্য

আলোচিত