সিলেটটুডে ডেস্ক

১৩ অক্টোবর, ২০১৯ ২০:৪৪

কারাগারে অনিককে কেউ মারধর করেনি, দাবি জেলারের

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো. অনিক সরকারকে কারাগারে কেউ মারধর করেনি বলে জানিয়েছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম। রোববার (১৩ অক্টোবর) সকালে তিনি এ কথা সংবাদমাধ্যমকে জানান।

আবরার ফাহাদ হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মো. অনিক সরকার কারাগারে কয়েদি ও হাজতিদের তোপের মুখে পড়ে মারধরের শিকার হয়েছেন বলে কয়েকটি গণমাধ্যমে খবর বের হলেও  জেলার মাহবুবুল ইসলাম দাবি করে বলেন, ‘এ রকম কোনো ঘটনা ঘটেনি।’

তিনি বলেন, ‘যে সময়ে অনিককে মারধর করা হয়েছে বলে খবরে বলা হচ্ছে, ওই সময় কয়েদিরা মূলত লকড (বন্দি) থাকেন। তাই এ ধরনের ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই।’

গত ৬ জুন আবরার খুন হওয়ার পরপরই ওই রাতে বুয়েট ক্যাম্পাস থেকে যে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের একজন অনিক। বুয়েট ছাত্রলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পঞ্চদশ ব্যাচের শিক্ষার্থী। গ্রেপ্তারের পর এই ১০ জনের সঙ্গে অনিককেও পাঁচদিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।

আপনার মন্তব্য

আলোচিত