সিলেটটুডে ডেস্ক

১৯ জুন, ২০২১ ১৯:১১

ছাত্রলীগ ও ছাত্রদল দু’সংগঠনই বহিস্কার করল তাকে

মো. রায়হান রনি

মো. রায়হান রনি। ফরিদুপুরের আলফাডাঙ্গা পৌরসভার বাসিন্দা। তিনি যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করেন। অভিযোগ উঠেছিল, তিনি একাধারে উপজেলা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক, আবার উপজেলা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। ছাত্রলীগের কমিটিতে ছাত্রদলের নেতার অন্তর্ভুক্তির সংবাদ প্রকাশের পর দুই সংগঠনই তাকে বহিস্কার করেছে।

শনিবার জেলা ছাত্রলীগ ও জেলা ছাত্রদলের পক্ষ থেকে রায়হান রনিকে বহিস্কারের তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আলফাডাঙ্গা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রায়হান রনিকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়।

এদিকে, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ ও নীতি–আদর্শ লঙ্ঘনের দায়ে রায়হান রনিকে ছাত্রদল আলফাডাঙ্গা পৌরসভা কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হলো।

এরআগে শনিবার বেলা ১১টার দিকে আলফাডাঙ্গা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রায়হান রনি দাবি করেন, ছাত্রদলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ছাত্রদলের সঙ্গে সম্পর্কের বিষয়টি মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তাকে হেয় করার জন্য এগুলো প্রচার করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত