১২ ডিসেম্বর, ২০২১ ০০:৪৯
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগে বাধ্য হওয়ার পর কানাডার উদ্দেশে দেশ ত্যাগের পর এখন তিনি কোথায় আছেন এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। কানাডার বর্ডার সার্ভিসেস এজেন্সি তাকে ঢুকতে না দেওয়ায় তিনি কোথায় আছেন, সেটা কেউ স্পষ্ট করে বলতে পারছে না।
মুরাদ হাসান গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ২১ মিনিটে কানাডার উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, করোনা সংক্রমণের সময় কানাডার নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় তিনি সে দেশে প্রবেশ করতে পারেননি। এরপর তার পরবর্তী গন্তব্য কোথায়, সেটা কানাডার কূটনৈতিক সূত্রগুলো স্পষ্ট করে জানাতে পারেনি।
কানাডাভিত্তিক অনলাইন ‘নতুন দেশ’র বরাত দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বলা হয়, টরন্টো বিমানবন্দরে পৌঁছানোর পর মুরাদ হাসানকে ফিরিয়ে দেওয়া হয়। বিশেষ করে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিকদের অভিযোগের কারণে পদ হারানো ওই প্রতিমন্ত্রী ভিসা থাকার পরও উত্তর আমেরিকার দেশটিতে প্রবেশের সুযোগ পাননি।
কানাডা প্রবেশে ব্যর্থ হয়ে মুরাদ হাসান শনিবার সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পথে রওনা দেন। মধ্যপ্রাচ্যের দেশটি হয়ে তিনি দেশে ফিরতে পারেন বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার রয়েছে। তবে এই সংবাদের সত্যতাও নিশ্চিত করতে পারছে না কেউ।
মুরাদ হাসানের কানাডা সফর নিয়ে অটোয়ায় বাংলাদেশের হাইকমিশনার খলিলুর রহমান একটি গণমাধ্যমকে বলেন, তিনি (মুরাদ হাসান) কানাডা এসে পৌঁছেছেন কি না, তা নিয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।
তিনি আরও জানান, কয়েক মাস আগে প্রতিমন্ত্রীর দায়িত্ব থাকার সময় কানাডা সফরের আগে আমাদের জানানো হয়েছিল। একজন সাংসদ হিসেবে প্রটোকল সুবিধার জন্য প্রায় সব সময় মিশনকে জানানো হয়। কিন্তু মুরাদ হাসান তার কানাডা সফরের বিষয়ে হাইকমিশনে কেউ যোগাযোগ করেননি।
নারীর প্রতি বিদ্বেষপূর্ণ, অশালীন ও অবমাননা এবং এরপর ঢাকাই চলচ্চিত্রের একজন চিত্রনায়িকাকে টেলিফোনে ধর্ষণের হুমকি এবং তাকে তার হোটেলে আসতে বাধ্য করতে রাষ্ট্রীয় বাহিনী ব্যবহারের হুমকির পর প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন ডা. মুরাদ হাসান।
ডা. মুরাদ হাসান জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে তিনি দুই দফা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
আপনার মন্তব্য