সিলেটটুডে ডেস্ক

১৯ ফেব্রুয়ারি , ২০২৩ ১৩:০৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির দুইদিনের কর্মসূচি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচিগুলো হচ্ছে ২০ ফেব্রুয়ারি দুপুরে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা এবং ২১ ফেব্রুয়ারি ভোরে প্রভাতফেরিসহকারে আজিমপুরে ভাষাশহীদদের কবর জিয়ারত ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ নিবেদন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও জেলা কার্যালয়গুলোয় ২১ ফেব্রুয়ারি ভাষাশহীদদের স্মরণে জাতীয় ও দলীয় পতাকা অবনমিত রাখা হবে। উত্তোলন করা হবে কালো পতাকা। সেদিন ভোর ৬টা ১৫ মিনিটে দলের নেতাকর্মী রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে সমবেত হয়ে কালো ব্যাজ বুকে লাগিয়ে প্রভাতফেরি করে প্রথমে শহীদদের কবর জিয়ারত এবং পরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ অর্পণ করবেন বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা।

সারাদেশে মহানগর, জেলা, উপজেলা ও থানার কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা অবনমিতকরণ, কালো পতাকা উত্তোলনসহ স্থানীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা করার জন্য দলের সব জেলা শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কামরুজ্জামান রতন, মুনির হোসেন, তাইফুল ইসলাম টিপু, মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, মুক্তিযোদ্ধা দলের সাদেক আহমেদ খান, মহানগর বিএনপির রফিকুল আলম মজনু, যুবদলের মুনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানী, কৃষক দলের হাসান জাফির তুহিন, মৎস্যজীবী দলের রফিকুল ইসলাম মাহতাব, তাঁতী দলের আবুল কালাম আজাদ, জাসাসের হেলাল খান, জাকির হোসেন রোকন, ‍ওলামা দলের মাওলানা সেলিম রেজা, ছাত্রদলের সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত