সিলেটটুডে ডেস্ক

১৮ জানুয়ারি, ২০১৬ ২৩:৪৭

রওশন অবৈধ: এরশাদ

রওশন এরশাদকে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করাকে ‘সম্পূর্ণ অবৈধ’ বলেছেন তার স্বামী দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

জাতীয় পার্টিকে ভাঙার চেষ্টা চলছে দাবি করে এজন্য দলের আওয়ামী লীগঘনিষ্ঠ নেতাদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ।

এরশাদ রোববার নিজের জেলায় সংবাদ সম্মেলন করে ভাই জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ও উত্তরসূরি ঘোষণা করলে তার পাল্টায় সোমবার রাতে ঢাকায় রওশনের বাড়িতে এক বৈঠকে তাকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন হিসেবে ঘোষণা করা হয়।  

এর ঘণ্টাখানেকের মধ্যে রংপুরে অবস্থানরত এরশাদ তার প্রতিক্রিয়া জানাতে একটি হোটেলে সংবাদ সম্মেলনে ডেকে বলেন, “আমিই পার্টির চেয়ারম্যান। সভাপতিমণ্ডলীর সভা আহ্বান করার এখতিয়ার শুধু আমার। আমি ছাড়া সভাপতিমণ্ডলীর কোনো সভা কেউ ডাকতে পারেন না।

“ডাকলেও তা হবে গঠনতন্ত্র পরিপন্থি। রওশন এরশাদকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করাটাও অবৈধ। যারা করেছে তাদের উদ্দেশ্য অসৎ।”

এরশাদ বলেন, “আমার অবর্তমানে দলের হাল ধরবেন আমার ছোট ভাই জি এম কাদের। সে কারণেই তাকে আমি গঠনতন্ত্রের ৩৯ ধারায় কো-চেয়ারম্যান নির্বাচিত করেছি। চেয়ারম্যান হিসেবে সে ক্ষমতা আমার আছে।”

এরশাদের স্ত্রী সংসদে বিরোধীদলীয় নেতা রওশন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীতে রয়েছেন।  এরশাদের ভাই জি এম কাদেরও সভাপতিমণ্ডলীর সদস্য।

দুই বছর আগে দশম সংসদ নির্বাচনে অংশ নেওয়া নিয়ে এরশাদ ও রওশনের মধ্যে টানাপড়েন দেখা দেয়। এরপর বিভিন্ন সময়ে দুজনের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই এরশাদ বলেছিলেন, রওশনই তার কাণ্ডারি।     

তবে সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, রওশনকে যারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

“এর আগে আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছিলাম। রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে জিয়াউদ্দিন বাবলুকে মহাসচিব করেছি। তখন তো কেউ কোনো প্রশ্ন তোলেননি।। এখন প্রশ্ন তুলছেন কেন?”

সংবাদ সম্মেলনে জি এম কাদের বলেন, “একটি অংশ বেশ কিছুদিন ধরে দলকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে। রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করার মধ্যদিয়ে তাদের মুখোশ উম্মোচিত হল। তবে তারা কোনোভাবেই সফল হবে না।

“এরশাদ যতদিন জীবিত থাকবেন, ততদিন তিনিই চেয়ারম্যান থাককেবন। তার নির্দেশনা অনুযায়ী দল চলবে। আমিও চেয়ারম্যানের নির্দেশ মতো দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করব।”

আপনার মন্তব্য

আলোচিত