১৭ এপ্রিল, ২০২৬ ২৩:৫৫
সিলেট শহরের পানসি ইন রেস্টুরেন্টে “অধিক দুধ উৎপাদনে গাভী ব্যবস্থাপনা ও লাভজনক খামার গঠন” শীর্ষক একদিনব্যাপী খামারি প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এর উদ্যোগে ১৫ এপ্রিল এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন এলাকার গবাদিপশু খামারি অংশগ্রহণ করেন। গৃহ পর্যায়ে দুগ্ধ গাভী পালন সংক্রান্ত খাদ্য ব্যবস্থাপনা, প্রজনন, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা এবং রেকর্ড সংরক্ষণ বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ লুৎফুর রহমান, উপপরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, সিলেট। সভাপতিত্ব করেন কৃষিবিদ ডাঃ মোঃ হারুন-অর-রশিদ, জিএম ও হেড অব ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ।
প্রশিক্ষণের উদ্ভোধন উপলক্ষে বক্তারা বলেন, আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে গাভীর সঠিক যত্ন, উন্নত প্রজনন পদ্ধতি ও স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারের লাভজনকতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।
প্রশিক্ষণে দুধ উৎপাদন বৃদ্ধি, রোগ নিয়ন্ত্রণ, সঠিক প্রজনন ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্ন খামার পরিচালনা এবং লাভ বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন বিষয় হাতে-কলমে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততার জন্য একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সবসময়ের মত দেশের বিভিন্ন জেলায় বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে, যা কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও উৎপাদনশীলতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মন্তব্য