সিলেটটুডে ডেস্ক

২০ ডিসেম্বর, ২০১৭ ১৮:৫৭

সিলেটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী শোভাযাত্রা বৃহস্পতিবার

‘মিলনের মোহনায় স্মৃতির ক্যাম্পাস’ শ্লোগানকে সামনে রেখে সিলেটে বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘চিটাগাং ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস ক্লাব, সিলেট’ ২য় বারের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ’১৭ এর আয়োজন করছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টায় পুনর্মিলনী উৎসবকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি ঐতিহ্যের স্মারক কিনব্রিজ সংলগ্ন আলী আমজাদের ঘড়িঘর থেকে শুরু হয়ে কোর্টপয়েন্ট-জিন্দাবাজার সড়ক হয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হবে।

এছাড়া আনন্দঘন মূল উৎসব শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের নিকটবর্তী অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে অনুষ্ঠিত হবে। মূল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য আবুল মাল আবদুল মুহিত।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উৎসবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইফতেখার উদ্দিন চৌধুরী। সিলেট অঞ্চলের বাইরে থেকে অর্থাৎ ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের বাইরে থেকেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা-এ উৎসবে মিলিত হবেন।

মিলনমেলায় যোগ দিতে ইতোমধ্যে প্রায় ৬০০ প্রাক্তন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের পরিবারের সদস্যসহ অংশগ্রহণকারীদের সংখ্যা দাঁড়াবে প্রায় ২ হাজার।

এছাড়া স্পট নিবন্ধনের মাধ্যমেও পুনর্মিলনী উৎসবে অংশগ্রহণ করা যাবে। উৎসবকে সামনে রেখে ক্লাবের পক্ষ থেকে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে জানিয়েছেন আয়োজকরা।

আপনার মন্তব্য

আলোচিত