২১ অক্টোবর, ২০১৫ ০০:০৬
ফিফা বর্ষসেরার ফুটবলারের লড়াইয়ে আবারও মুখোমুখি হচ্ছে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। গত সাতবারের মতো এবারও বর্ষসেরার মূল লড়াইটা মেসি আর রোনালদোর মধ্যে হবে বলেই মনে করেন অনেকে। সর্বশেষ সাতবারের বর্ষসেরার পুরস্কার এই দুজনই ভাগাভাগি করে নেন।
এবার তালিকা করা হয়েছে ২৩ জনের। আগামী ১১ জানুয়ারি জুরিখে ঘোষণা করা হবে বর্ষসেরা খেলোয়াড়ের নাম।
এ সংক্ষিপ্ত তালিকায় স্পেনের দুই শীর্ষ ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের জয়জয়কার। স্পেন ও ইউরোপের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার ৬ জনের জায়গা হয়েছে এই তালিকায়।
আর দশবারের ইউরোপ সেরা রিয়ালের আছে ৫ জন।
বার্সেলোনা থেকে যথারীতি সংক্ষিপ্ত তালিকায় আছেন চারবারের বর্ষসেরা লিওনেল মেসি। তার সঙ্গে জায়গা করে নেন ক্লাবটির ব্রাজিলিয়ান তারকা নেইমার। ক্লাবটির আক্রমণ-ত্রয়ীর অপর জন উরুগুয়ের লুইস সুয়ারেসও আছেন বর্ষসেরা হওয়ার লড়াইয়ে।
এই তিনজনের সঙ্গে বার্সেলোনা থেকে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন ক্লাবটির মাঝমাঠের জুটি আন্দ্রেস ইনিয়েস্তা, ইভান রাকিতিচ। আর সংক্ষিপ্ত তালিকায় একমাত্র সেন্টার-ব্যাক হিসেবে আছেন স্পেনের ক্লাবটির আর্জেন্টাইন তারকা হাভিয়ের মাসচেরানো।
ফিফা-ব্যালন ডি'অরের গতবারের মুকুট জয়ী ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের আক্রমণভাগের তার দুই সঙ্গী গ্যারেথ বেল ও করিম বেনজেমা। স্পেনের সবচেয়ে সফল ক্লাবটি থেকে এ ছাড়া জায়গা করে নেন টনি ক্রুস ও হামেস রদ্রিগেস।
জার্মানির চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ থেকেও সংক্ষিপ্ত তালিকায় পাঁচজনের জায়গা হয়েছে। ক্লাবটির আক্রমণ জুটি রবের্ত লেভানদোভস্কি ও টমাস মুলারের সঙ্গে আছেন উইঙ্গার আরিয়েন রবেন। তাদের সঙ্গে আছেন এ মৌসুমেই ইউভেন্তুস থেকে বায়ার্নে নাম লেখানো আর্তুরো ভিদাল। আর বায়ার্নের গোলবারের প্রহরী মানুয়েল নয়ার সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া একমাত্র গোলরক্ষক।
আর্জেন্টিনার ফরোয়ার্ড সের্হিও আগুয়েরোর সঙ্গে ম্যানচেস্টার সিটি থেকে সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেন ইয়াইয়া তুরে আর কেভিন ডি ব্রুইনও।
এ ছাড়া সংক্ষিপ্ত তালিকায় আছেন পিএসজির জ্লাতান ইব্রাহিমোভিচ, আর্সেনালের আলেক্সিস সানচেস, চেলসির এডেন হ্যাজার্ড আর ইউভেন্তুসের পল পগবা।
ফিফার বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় দশজন থাকলেও মূল লড়াই বার্সেলোনার লুইস এনরিকে, রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি, বায়ার্ন মিউনিখের পেপ গার্দিওলা, চিলির হোর্হে সামপাওলির মধ্যেই হবে বলেই ধারনা করা হচ্ছে।
ফ্রান্স ফুটবল ১৯৫৬ সাল থেকে ইউরোপের সেরা ফুটবলারকে ব্যালন ডি’অর পুরস্কার দিত। ২০০৭ সাল থেকে পুরস্কারটি দেয়া হয় বিশ্বের সেরা ফুটবলারকে।
২০১০ সাল থেকে ফিফার বর্ষসেরা পুরস্কারের সঙ্গে একীভূত হয়ে এর নাম হয় ফিফা ব্যালন ডি’অর। বিজয়ীরা নির্বাচিত হন জাতীয় দলগুলোর অধিনায়ক ও কোচ এবং ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের বাছাই করা ক্রীড়া সাংবাদিকের ভোটে।
আপনার মন্তব্য