০১ এপ্রিল, ২০২৬ ০৪:১২
প্রবাসী বাংলাদেশিদের সমর্থন আর হামজা-শোমিতদের লড়াই সত্ত্বেও এশিয়ান কাপ বাছাইপর্বের অভিযান বিষাদ দিয়েই শেষ করল বাংলাদেশ। মঙ্গলবার সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের শেষ ম্যাচে এই হারের ফলে দুই লেগেই হারল লাল-সবুজরা। এর আগে ঢাকায় অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচেও ২-১ ব্যবধানে জিতেছিল সিঙ্গাপুর।
এই জয়ের ফলে ‘সি’ গ্রুপে শীর্ষে থেকে মূল পর্বে জায়গা করে নিল স্বাগতিকরা। অন্যদিকে ৬ ম্যাচে এক জয়, দুই ড্র ও তিন হারে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে থেকে বাছাই শেষ করল বাংলাদেশ।
প্রথমার্ধ: খেলার ধারার বিপরীতে গোল
কোচ কাবরেরা একাদশে দুটি পরিবর্তন আনেন; গোলকিপার মিতুল মারমাকে ফেরানোর পাশাপাশি শেখ মোরসালিনকে শুরুর একাদশে সুযোগ দেন। তবে টানা দ্বিতীয় ম্যাচের মতো অধিনায়ক জামাল ভূঁইয়াকে সাইডবেঞ্চে রাখা হয়, পুরো ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি তিনি।
ম্যাচের শুরু থেকেই দুই দল একে অপরের রক্ষণভাগে হানা দিলেও গোলকিপারদের খুব একটা পরীক্ষা নিতে পারছিল না। ১৫ মিনিটে সোহেল রানার ক্রস থেকে শোমিত সোম হেড করলেও তা পোস্টের বাইরে দিয়ে যায়। ২০ মিনিটে ইখসান ফান্দির জোরালো শট দারুণভাবে রুখে দিয়ে জাল অক্ষত রাখেন মিতুল মারমা।
তবে ৩১ মিনিটে আর শেষ রক্ষা হয়নি। গ্লেইন কিউইর একটি শট মিতুল ঝাঁপিয়ে পড়ে ফেরালেও বল চলে যায় ইখসান ফান্দির পায়ে। তার পাস থেকে নিখুঁত কোনাকুণি শটে গোল করে সিঙ্গাপুরকে এগিয়ে দেন হ্যারিস স্টুয়ার্ট।
৩৯ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ হারায় বাংলাদেশ। মোরসালিনের শট ব্লক হওয়ার পর ফিরতি বলে ফয়সাল আহমেদ ফাহিম শট নিতে গেলে পড়ে যান। বাংলাদেশ পেনাল্টির আবেদন করলেও রেফারির সাড়া মেলেনি।
দ্বিতীয়ার্ধ: পোস্টে লেগে ফিরল বল
বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে আক্রমণ বাড়ায় বাংলাদেশ। ৭০ মিনিটে বিশ্বনাথ ঘোষ ও মিরাজুল ইসলামকে মাঠে নামান কাবরেরা। এর মাঝেই ইলহান ফান্দি বাংলাদেশের জালে বল জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়।
৭৯ মিনিটে সবথেকে বড় হতাশায় ডুবে বাংলাদেশ। হামজা চৌধুরীর নিখুঁত ক্রস থেকে মিরাজুল ইসলামের প্লেসিং শট গোলকিপারকে পরাস্ত করলেও তা গোলপোস্টে লেগে ফিরে আসে।
ম্যাচের শেষ দিকে আক্রমণের ধার বাড়াতে কাজেম শাহ কিরমানি ও রহমত মিয়াকে নামান কোচ। ইনজুরি টাইমে ইমনের পাস থেকে মিরাজুল বল পেলেও গোলকিপারকে পরাস্ত করতে পারেননি। শেষ মুহূর্তে হামজার একটি দুর্বল হেড ডিফেন্ডাররা ক্লিয়ার করলে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।
আপনার মন্তব্য