স্পোর্টস ডেস্ক

০৫ জুলাই, ২০২৬ ০২:১০

সুযোগ নষ্টের মহড়ায় কানাডার বিদায়, কোয়ার্টার ফাইনালে মরক্কো

হিউস্টনে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মুখোমুখি হয়েছিল গতবারের সেমিফাইনালিস্ট মরক্কো ও এবারের আসরের সহ-আয়োজক কানাডা। ম্যাচের শুরু থেকে মাঠের আধিপত্য, আক্রমণ আর বল দখলে স্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিল কানাডা। প্রথমার্ধে জোনাথন ডেভিড ও তানি ওলুওয়াসেয়িরা বেশ কিছু ভালো সুযোগ তৈরি করলেও মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর দেয়াল ভাঙতে পারেননি। ফলে প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়। পুরো ৪৫ মিনিটে কানাডা যেখানে আক্রমণে ব্যস্ত ছিল, সেখানে মরক্কো প্রথম ২৫ মিনিটে কোনো শটই নিতে পারেনি।

তবে বিরতি থেকে ফিরেই খোলস ছেড়ে বের হয় মরক্কো। ম্যাচের ৫০তম মিনিটে অধিনায়ক আশরাফ হাকিমির ফ্রি-কিক থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে নিচু শটে গোল করে ডেডলক ভাঙেন আজ্জেদিন উনাহি। এক গোল হজম করে সমতায় ফিরতে মরিয়া কানাডা আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। কিন্তু মরক্কোর রক্ষণভাগ এবং গোলকিপার বুনুর দুর্দান্ত পারফর্ম্যান্সের সামনে তাদের সব চেষ্টা ব্যর্থ হয়। বিশেষ করে ৭৯তম মিনিটে বুকানানের এক দূরপাল্লার শট দারুণভাবে রুখে দেন বুনু।

কানাডা যখন গোল পরিশোধের জন্য অল-আউট আক্রমণে যায়, ঠিক তখনই পাল্টা আক্রমণের সুযোগ নেয় মরক্কো। ৮২তম মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে ঠান্ডা মাথায় নিজের দ্বিতীয় গোলটি করে দলের জয় সহজ করেন উনাহি।

এখানেই শেষ নয়, যোগ করা সময়ের অষ্টম মিনিটে আবারও দিয়াজের পাসে বল পেয়ে গোল করেন বদলি হিসেবে নামা সুফিয়ান রাহিমি। ফলে ৩-০ ব্যবধানের এক দাপুটে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে মরক্কো।

ম্যাচের পরিসংখ্যান বিশ্লেষণ করলে স্কোরলাইনকে বেশ একপেশে মনে হতে পারে, কিন্তু মাঠের চিত্র ছিল ভিন্ন। মরক্কোর ৫টি শটের বিপরীতে কানাডা শট নিয়েছিল ১০টি। প্রতিপক্ষের বক্সে মরক্কোর ১০ বার বল স্পর্শের বিপরীতে কানাডা করেছে ৩২ বার। এমনকি মরক্কোর মাত্র ১টি কর্নারের বিপরীতে কানাডা আদায় করে নিয়েছিল ১১টি কর্নার। তবে ফুটবলে দিনশেষে পার্থক্য গড়ে দেয় সুযোগ কাজে লাগানোর দক্ষতা। মরক্কো লক্ষ্য বরাবর নেওয়া ৪টি শটের ৩টিকেই গোলে রূপান্তর করেছে, আর কানাডা আধিপত্য বিস্তার করেও ফিনিশিংয়ের অভাবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। এই জয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে পা রাখল মরক্কো, যেখানে তাদের খেলতে হবে ফ্রান্স ও প্যারাগুয়ে ম্যাচের জয়ী দলের বিপক্ষে।

আপনার মন্তব্য

আলোচিত