স্পোর্টস ডেস্ক

০৫ জুলাই, ২০২৬ ০৫:৫২

ভূমিকম্পে পরিবার ও পা হারানো কিশোর আন্দ্রেসকে রোনালদোর ভিডিওবার্তা

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পে পুরো পরিবারকে হারানোর পাশাপাশি নিজের একটি পা-ও হারিয়েছেন কিশোর আন্দ্রেস মিয়েলেস (মিলেস)।

হাসপাতালে চিকিৎসাধীন এই ক্ষুদে ভক্তের করুণ জীবনের গল্প এবং প্রিয় ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর অফিশিয়াল পানিনি বিশ্বকাপের স্টিকার পাওয়ার আকুল ইচ্ছার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। নেটিজেনদের ক্রমাগত ট্যাগের মাধ্যমে বিষয়টি নজরে আসে পর্তুগিজ মহাতারকার।

বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে পর্তুগালের শেষ ষোলো নিশ্চিত করার পর রোনালদোর এই হৃদয়স্পর্শী ভিডিও বার্তাটি সামনে আসে।

পর্তুগালের জার্সি পরিহিত অবস্থায় তৈরি করা সেই ভিডিওতে রোনালদো আন্দ্রেসকে সান্ত্বনা ও উৎসাহ দিয়ে বলেন, “হ্যালো আন্দ্রেস, কেমন আছো? তোমাকে ভালোবাসা ও একটি আলিঙ্গন পৌঁছে দিতে এই ভিডিও তৈরি করছি। আমি জানি তুমি আমার একজন সুপার ফ্যান। আমি প্রার্থনা করছি তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো। তুমি সুস্থ হলে তোমাকে আমার একটি ম্যাচ সরাসরি মাঠে বসে উপভোগ করার আমন্ত্রণ জানাবো। তোমার সাথে দেখা করার জন্য আমি উন্মুখ হয়ে আছি। ভালোবাসা, বন্ধু।”

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ভিডিও বার্তার পাশাপাশি আন্দ্রেসের আবদার অনুযায়ী রোনালদোর অফিশিয়াল স্টিকার ইতিমধ্যেই তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। সেই সাথে রোনালদোর নিজস্ব স্বাক্ষর করা পর্তুগাল দলের একটি জার্সিও এই কিশোরের কাছে পাঠানো হচ্ছে।

হাসপাতালের বিছানায় শুয়ে স্বাস্থ্যকর্মীদের মোবাইলে রোনালদোর এই জাদুকরী বার্তাটি দেখার সময় আন্দ্রেসের মুখে ফুটে ওঠা প্রাণোচ্ছল হাসি সেখানে উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।

উল্লেখ্য, ভেনেজুয়েলার এই প্রাণঘাতী ভূমিকম্পে এ পর্যন্ত আড়াই হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন হাজার হাজার মানুষ।

আপনার মন্তব্য

আলোচিত