০৬ জুলাই, ২০২৬ ২১:১০
স্পেন-পর্তুগাল মহারণের আগে প্রতিপক্ষের সবচেয়ে বড় অস্ত্র ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে সতর্কবার্তা দিলেন স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে।
পর্তুগিজ অধিনায়ককে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় আখ্যা দিয়ে তিনি বলেছেন, রোনালদো না খেললে স্পেনের জন্যই ভালো হতো।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তে বলেন, আমি চাইতাম রোনালদো না খেলুক। কিন্তু সে খেলবে এবং আমরা জানি, তার মতো খেলোয়াড় যে কোনো মুহূর্তে ম্যাচের চিত্র বদলে দিতে পারে।
তবে স্পেন শুধু একজন খেলোয়াড়কে ঘিরে পরিকল্পনা করছে না বলেও জানান তিনি। তার বলেন, পর্তুগাল কেবল রোনালদোর দল নয়। তাদের দলে অনেক মানসম্পন্ন ফুটবলার রয়েছে। তাই পুরো দলকে মাথায় রেখেই আমাদের পরিকল্পনা সাজাতে হয়েছে।
স্প্যানিশ কোচের মতে, দুই প্রতিবেশী দেশের এই লড়াই হবে সমানে সমান। স্পেন ও পর্তুগাল উভয় দলই আক্রমণাত্মক ফুটবল খেলতে পছন্দ করে এবং বলের দখল ধরে রাখতে চায়। তাই ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে ছোট ছোট মুহূর্ত এবং খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য।
দে লা ফুয়েন্তে আরও জানান, গত বছরের নেশনস লিগ ফাইনালে পর্তুগালের কাছে হারের ম্যাচটি তারা আবার বিশ্লেষণ করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই এবারের ম্যাচের কৌশল নির্ধারণ করা হয়েছে।
এদিকে তরুণদের নিয়ে গড়া বর্তমান স্পেন দল নিয়ে আশাবাদী এই কোচ। তিনি বলেন, আমরা নিজেদের পরিচয় তৈরি করছি। অতীতের সাফল্যের সঙ্গে তুলনা নয়, বর্তমান দলকে আরও শক্তিশালী করে তোলাই আমাদের লক্ষ্য।
আত্মবিশ্বাসী রোনালদো
স্পেনের বিপক্ষে বিশ্বকাপের নকআউট পর্বের মহারণের আগে আত্মবিশ্বাসী কণ্ঠেই কথা বললেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। প্রতিপক্ষকে শক্তিশালী দল হিসেবে স্বীকৃতি দিলেও জয়ের বিশ্বাস নিয়েই মাঠে নামার ঘোষণা দিয়েছেন তিনি।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, আমরা ভালোভাবে অনুশীলন করেছি এবং ম্যাচের জন্য প্রস্তুতি নিয়েছি। স্পেন খুবই কঠিন প্রতিপক্ষ, তবে আমরাও প্রস্তুত।
৪১ বছর বয়সী এই তারকা জানান, বিশ্বকাপের মতো আসরে প্রতিটি ম্যাচই কঠিন। অনেক শক্তিশালী দল এরই মধ্যে বিদায় নিয়েছে, তাই ছোট ছোট মুহূর্তই ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। তবে পর্তুগালের সামর্থ্যের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।
স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামালেরও প্রশংসা করে রোনালদো বলেন, ইয়ামালের সামনে দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে। তবে এই ম্যাচকে রোনালদো বনাম ইয়ামালের লড়াই হিসেবে দেখতে রাজি নন তিনি। তার ভাষায়, এটি দুই খেলোয়াড়ের নয়; বরং পর্তুগাল ও স্পেনের মধ্যকার লড়াই।
সংবাদ সম্মেলনে নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেন পর্তুগিজ মহাতারকা। তিনি নিশ্চিত করেন, ২০২৬ বিশ্বকাপই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তবে বিদায়ের আগে আরও কিছুটা পথ যেতে চান তিনি।
রোনালদো বলেন, এটাই আমার শেষ বিশ্বকাপ। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই। তবে আশা করি, স্পেনের বিপক্ষের ম্যাচটিই যেন আমার শেষ বিশ্বকাপ ম্যাচ না হয়।
পর্তুগালের জার্সিতে ইতিহাস গড়া এই কিংবদন্তি আরও বলেন, ফুটবল তাকে অনেক কিছু দিয়েছে। তাই কোনো আক্ষেপ নয়; বরং শান্ত মন নিয়েই ক্যারিয়ারের শেষ অধ্যায় উপভোগ করতে চান তিনি।
আপনার মন্তব্য