স্পোর্টস ডেস্ক

১০ জুলাই, ২০২৬ ০৭:০৯

এমবাপে-দেম্বেলের নৈপুণ্যে সেমিফাইনালে ফ্রান্স, মরক্কোর বিদায়

ফুটবলবিশ্ব বোস্টনের মাঠে আরও একবার দেখল এক দুর্বার ও অপ্রতিরোধ্য ফ্রান্সকে। পুরো ম্যাচটাই যেন ছিল ফরাসিদের হাতের মুঠোয়! প্রথমার্ধে পেনাল্টি মিসের হতাশা আর মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোর দেয়াল টপকে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে ব্লুজরা। আক্রমণ আর কৌশলের আগ্রাসী ফুটবলে মরক্কোকে ২–০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল ফ্রান্স। এই হারের মাধ্যমে মরক্কোর রূপকথার দৌড় এবার শেষ হলো।

ম্যাচের শুরু থেকেই ছিল ফরাসিদের আগ্রাসন। প্রথম ৫ মিনিটের মধ্যেই দুবার গোলের কাছাকাছি পৌঁছে যায় ফ্রান্স, তবে দুবারই মরক্কোকে বাঁচান গোলরক্ষক ইয়াসিন বুনো। ম্যাচের ২০ মিনিট পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রণ ছিল ফ্রান্সের হাতে। ম্যাচের ২৬ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে মরক্কোর বক্সে ঢুকে পড়েন কিলিয়ান এমবাপে, তাঁকে ফাউল করে বসেন নুসাইর মাজরাউয়ি। রেফারি পেনাল্টি ফুঁকলে ২৯ মিনিটে স্পট-কিক নেন এমবাপে। কিন্তু তাঁর দুর্বল শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন বুনো।

ফ্রান্সের হয়ে টানা ১৫টি সফল পেনাল্টির পর এই প্রথম স্পট-কিক মিস করলেন এমবাপে। এর আগে তিনি সর্বশেষ পেনাল্টি মিস করেছিলেন ২০২০ ইউরোর শেষ ষোলোয় সুইজারল্যান্ডের বিপক্ষে। অন্যদিকে বুনো তাঁর রেকর্ড ধরে রাখলেন; বিশ্বকাপে টাইব্রেকারসহ মুখোমুখি হওয়া ৯টি পেনাল্টির মধ্যে মাত্র ২টিতে পরাস্ত হয়েছেন তিনি, বাকি ৭টিই আটকে দিয়েছেন (৪টি সেভ ও ৩টি লক্ষ্যভ্রষ্ট)।

৩৬ মিনিটে দেজিয়ে দুয়ের শট ঠেকিয়ে বুনু আবারও দলকে রক্ষা করেন। বিরতির ঠিক আগে লুকাস দিনিয়ের বক্সের বাইরে থেকে নেওয়া জোরালো শটটি ক্রসবারে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত হয় ফ্রান্স। প্রথমার্ধে ফ্রান্স ১৫টি শট (৩টি লক্ষ্যে) নিলেও মরক্কো মাত্র একটি শট নিতে পেরেছিল, যা লক্ষ্যে ছিল না। ফলে গোলহীনভাবেই শেষ হয় প্রথমার্ধ।

বিরতির পর দুই দলই সমতায় থেকে খেলা শুরু করে। তবে ম্যাচের ৬০ মিনিটে ডেডলক ভাঙেন কিলিয়ান এমবাপে। বক্সের কাছাকাছি জায়গা থেকে দারুণ এক শটে মরক্কোর জাল কাঁপিয়ে ফ্রান্সকে ১-০ গোলে এগিয়ে নেন তিনি। এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলে লিওনেল মেসিকে ছুঁয়ে ফেললেন এমবাপে। এটি বিশ্বকাপে সবমিলিয়ে এমবাপের ২০তম গোল, যা শীর্ষে থাকা মেসির চেয়ে মাত্র এক গোল কম।

প্রথম গোলের মাত্র ছয় মিনিটের ব্যবধানে ম্যাচের ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফ্রান্স। এমবাপের দ্রুতগতির দৌড়ে তৈরি হওয়া ফাঁকা জায়গায় বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন উসমান দেম্বেলে। নিচের কোণ লক্ষ্য করে নেওয়া তাঁর শটে মরক্কোর গোলরক্ষকের আর কিছুই করার ছিল না। ২-০ তে পিছিয়ে পড়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় মরক্কো।

নিশ্চিত জয়ের পথে এগিয়ে যাওয়া ফ্রান্স দলের প্রধান তারকা এমবাপেকে ৭৭ মিনিটে তুলে নেন কোচ। তাঁর বদলে মাঠে নামেন জ্যঁ-ফিলিপ মাতেতা। ম্যাচের ৮৮ মিনিটে ফ্রান্সের সামনে ৩-০ করার সুবর্ণ সুযোগ এসেছিল, কিন্তু বক্সে মাতেতা বল পেয়েও কাজে লাগাতে পারেননি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে দিদিয়ের দেশমের শিষ্যরা।

ফাইনালে ওঠার লড়াইয়ে এখন চোখ এমবাপে-দেম্বেলেদের। তবে তার আগে পার হতে হবে শেষ চারের বাধা। আজ টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও বেলজিয়াম। হাইভোল্টেজ এই ম্যাচের জয়ী দলের বিপক্ষেই আগামী ১৪ জুলাই ফাইনালে ওঠার লড়াইয়ে (সেমিফাইনালে) মাঠে নামবে ফ্রান্স।

আপনার মন্তব্য

আলোচিত