১১ জুলাই, ২০২৬ ০৩:১৪
বদলি হিসেবে মাঠে নেমেই আবারও ব্যবধান গড়ে দিলেন মিকেল মেরিনো। তার শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখল স্পেন। শেষ চারে স্পেনের প্রতিপক্ষ বর্তমান রানার্সআপ ফ্রান্স।
আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় ডালাসে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে এই দুই পরাশক্তি।
লস অ্যাঞ্জেলসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে আধিপত্য ছিল স্পেনেরই। ৩০ মিনিটে দানি ওলমোর প্রচেষ্টা বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়া ঠেকিয়ে দিলেও ফিরতি শটে স্পেনকে এগিয়ে নেন ফাবিয়ান রুইজ।
প্রথমার্ধের শেষ দিকে (৪৪ মিনিটে) টিমোথি কাস্তানিয়ের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে বেলজিয়ামকে সমতায় ফেরান চার্লস ডি কেটেলারা। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা ৬০০ মিনিটেরও বেশি সময় পর প্রথম কোনো গোল হজম করল স্পেনের রক্ষণভাগ।
ম্যাচের ৭২ মিনিটে বড় ধাক্কা খায় বেলজিয়াম। চোট পেয়ে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়েন তাদের নির্ভরযোগ্য গোলরক্ষক থিবো কোর্তোয়া। তার পরিবর্তে খেলতে মাঠে নামেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক সেনে লামেন্স।
ম্যাচের ৮৬ মিনিটে স্পেনের হয়ে বদলি হিসেবে মাঠে নামেন মিকেল মেরিনো। এর ঠিক দুই মিনিট পর, ৮৮ মিনিটে পাউ কুবারসির একটি শট সঠিকভাবে তালুবন্দি করতে ব্যর্থ হন বেলজিয়ামের বিকল্প গোলরক্ষক লামেন্স। সুযোগ লুফে নিয়ে ফিরতি শটে বল জালে জড়ান মেরিনো।
এর আগে রাউন্ড অব সিক্সটিনে পর্তুগালের বিপক্ষেও সুপার-সাব হয়ে নেমে একমাত্র জয়সূচক গোলটি করেছিলেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। শেষ পর্যন্ত মেরিনোর এই গোলেই বেলজিয়ামের বিদায় ঘণ্টা বাজে এবং ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে স্পেন।
আপনার মন্তব্য