সিলেটটুডে ডেস্ক

১১ জুলাই, ২০২৬ ১৫:০৪

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্ট হ্যাক, হ্যাকাররা লিখেছে- ‘চুরি করে জিতেছে’

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মিসরের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের সেই অবিশ্বাস্য ও রোমাঞ্চকর জয় নিয়ে তৈরি হওয়া বিতর্ক যেন কিছুতেই থামছে না। এবার সেই মাঠের বিতর্কের রেশ এসে লাগল সাইবার দুনিয়াতেও।

গত মঙ্গলবার আটলান্টায় অনুষ্ঠিত সেই ম্যাচের রেফারিংয়ের তীব্র সমালোচনা করে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে কিছু মেইল পাঠানো হয়। তবে আর্জেন্টাইন ফুটবল কর্তৃপক্ষ দ্রুতই পুরো বিষয়টি পরিষ্কার করে জানিয়েছে, তারা এক ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছে এবং বিতর্কিত ওই মেইলগুলো তাদের প্রাতিষ্ঠানিক কোনো বক্তব্য নয়।

মিসরের বিপক্ষে ম্যাচের একপর্যায়ে ২-০ গোলে পিছিয়ে পড়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার চরম শঙ্কায় পড়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। কিন্তু শেষ মুহূর্তের অবিশ্বাস্য ও দুর্দান্ত এক প্রত্যাবর্তনে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে আলবিসেলেস্তেরা।

এদিকে এমন নাটকীয় হারের পর ক্ষুব্ধ মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে ম্যাচ পরিচালনাকারী রেফারি ও অফিশিয়ালদের বিশ্বকাপ থেকে আজীবনের জন্য বহিষ্কারের আনুষ্ঠানিক দাবি জানায়। তাদের স্পষ্ট অভিযোগ, ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তার দল মাঠে আর্জেন্টিনার পক্ষে নগ্ন পক্ষপাতিত্ব করেছেন।

এরই মধ্যে আগুনের ঘি ঢেলে নতুন বিতর্ক উসকে দেয় আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা কায়ে’। তারা এক প্রতিবেদনে ফাঁস করে, ম্যাচের পর এএফএর অফিশিয়াল মেইল অ্যাকাউন্ট থেকে সাংবাদিকদের কাছে বেশ কিছু মেইল পাঠানো হয়।

যেখানে অবিশ্বাস্যভাবে লেখা ছিল—‘চুরি করে জিতেছে’ এবং এই ফলাফল আসলে ‘দুর্নীতিগ্রস্ত রেফারিংয়ের ফসল’! সংবাদমাধ্যমটি আরো জানায়, এএফএর অভ্যন্তরীণ সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে মিসরীয় বংশোদ্ভূত একদল হ্যাকার এই সাইবার হামলার পেছনে কলকাঠি নেড়েছে। বিতর্কিত ওই মেইলগুলোতে মিসরের ফুটবলারদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসাও করা হয়েছিল।

পরিস্থিতি বেগতিক ও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে দ্রুত এক আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ড্যামেজ কন্ট্রোলে নামে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন। বিবৃতিতে এএফএ জানায়, ‘আমরা সবাইকে জানাতে চাই যে, আমাদের একটি প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট থেকে কিছু অনাকাঙ্ক্ষিত ই-মেইল পাঠানোর ঘটনা আমরা শনাক্ত করেছি। এই মেইলগুলো আমাদের দলের কেউ তৈরি করেনি এবং এর কোনো প্রাতিষ্ঠানিক অনুমোদনও ছিল না।

একই সঙ্গে সাধারণ মানুষকে সতর্ক করে এএফএ আরো বলেছে, ‘সম্প্রতি আমাদের অ্যাকাউন্ট থেকে পাঠানো যেকোনো অস্বাভাবিক বার্তা, বিশেষ করে যাতে কোনো লিংক, ফাইল কিংবা ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে—তা এড়িয়ে চলার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে বলে আমরা শঙ্কা প্রকাশ করছি। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় সাইবার নিরাপত্তাব্যবস্থা জোরদার করছি।’

আটলান্টার সেই হাইভোল্টেজ ম্যাচে ইয়াসের ইব্রাহিম ও মোস্তফা জিকোর জোড়া গোলে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে রূপকথা লেখার দ্বারপ্রান্তে ছিল মিসর। কিন্তু ম্যাচের মাত্র ১১ মিনিট বাকি থাকতে ক্রিস্টিয়ান রোমেরো গোল করে আর্জেন্টিনার হয়ে ব্যবধান কমান। এর ঠিক পাঁচ মিনিট পর জাদুকরী এক গোলে দলকে সমতায় ফেরান মহাতারকা লিওনেল মেসি। আর ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেজ জাল কাঁপিয়ে আর্জেন্টিনার ঐতিহাসিক ও রোমাঞ্চকর জয় নিশ্চিত করেন। এই নাটকীয় জয়ের ফলে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

আপনার মন্তব্য

আলোচিত